হেফাজত মহাসচিব কাসেমীর জানাজা অনুষ্ঠিত
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর জানাজা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সোমবার সকালে ৯টায় এই জানাজায় অংশ নিতে বায়তুল মোকাররমে উপস্থিত হন।
মানুষের ভিড় বেশি হওয়ায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশের সড়ক এবং বায়তুল মোকাররমের উত্তর গেইটের সড়ক বন্ধ হয়ে যায়।
সকাল ৯টা ২০ মিনিটে জানাজা পরিচালনা করেন কাসেমীর ছোট ছেলে মুফতি জাবেদ কাসেমী।
হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী জানাজার আগে বলেন, “আমার সঙ্গে অনেক সম্পর্ক ছিল উনার। উনাকে হারিয়ে কত যে ক্ষতিগ্রস্ত হল...।
“উনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। হুমকি-ধামকির কাছে কখনও মাথা নত করেননি।”
ঠাণ্ডা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছর বয়সী কাসেমী। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। রোববার সেখানেই তিনি মারা যান।
১৯৪৫ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।
হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে তিনি কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর নতুন কেন্দ্রীয় কমিটি হলে সেখানে তাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
উত্তরার তুরাগ থানা এলাকায় জামিয়া সোবহানীয়া মাদ্রাসায় কাসেমীকে দাফন করা হবে বলে তার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
