নকল মাস্ক: সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিনের মামলায় প্রতিবেদন জমা পেছাল
সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৫ জানুয়ারি দিন রেখেছে ঢাকার আদালত।
রোববার নির্ধারিত দিনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে সময় চাওয়া হলে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দীক নতুন তারিখ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড-১৯ ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিনকে ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী বিএসএমএমইউয়ের প্রক্টর মো. মোজাফফর আহমেদ বলেন, ২৭ জুন শারমিন জাহানকে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয়। এর বিপরীতে ৩০ জুন প্রথম দফায় এক হাজার ৩০০টি; ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় দফায় ৪৬০টি ও এক হাজার এবং ১৩ জুলাই চতুর্থ দফায় ৭০০টি মাস্ক সরবরাহ করে।
প্রথম ও দ্বিতীয় লটের মাস্কে কোনো সমস্যা ছিল না। তৃতীয় ও চতুর্থ দফায় লট বিতরণ ও ব্যবহারে ত্রুটি পাওয়া যায় এবং মাস্কের গুণগত মান স্পেসিফিকেশন অনুযায়ী পাওয়া যায়নি। কোনো মাস্কের বন্ধনী ফিতা ছিঁড়ে গেছে, কোনো মাস্কের ছাপানো লেখায় ত্রুটিপূর্ণ ইংরেজি লেখা পাওয়া গেছে, কোনো কোনো মাস্কের নিরাপত্তা কোড ও লট নম্বর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে নকল বলে জানা গেছে। এ কারণে কর্তৃপক্ষ বুঝতে পারে যে মাস্কের গুণগত মান নিম্নমানের ছিল।
মামলায় আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিন জাহানকে ১৮ জুলাই কারণ দর্শানোর নোটিস দিয়েছিল। শারমিন ২০ জুলাই দেওয়া জবাবে ‘দুঃখ প্রকাশ’ করেন, যা দোষ স্বীকারের শামিল। মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শারমিনের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার অভিযোগ করেছে।
