২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলা: কারাগারেই থাকছেন পুলিশের সাবেক দুই কর্মকর্তা

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর পুলিশের সাবেক দুই উপ-কমিশনার খান সাঈদ হাসান এবং ওবায়দুর রহমান খানকে জামিন দেয়নি সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 02:09 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার দুইজনের আবেদন খারিজ করে দিয়েছে ।

ফলে দণ্ডিত এ দুই উপ-কমিশনারকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আরশাদুর রউফ। সঙ্গে ছিলেন আইনজীবী জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বিচারিক আদালতের রায়ে দণ্ডবিধির তিনটি ধারায় এ দুইজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সব সাজা একযোগে কার্যকর হবে বলে তাদের ক্ষেত্রে সব মিলিয়ে দুই বছরের সাজা প্রযোজ্য হবে।

এই দণ্ডাদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করার পাশাপাশি জামিন চেয়েও আবেদন করেন তারা। গত ৯ মার্চ হাই কোর্টে তাদের জামিন আবেদন খারিজ হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, “এ দুই আসামি রায়ের দিন পর্যন্ত পলাতক ছিল। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারা আদালতে আত্মসমর্পণ এবং সাজা বাতিল করে জামিন চেয়ে আদালতে আবেদন করেন।

“গত ৯ মার্চ হাই কোর্টে তাদের জামিন আবেদন খারিজ হয়। এরপর তারা আপিলে বিভাগে আবেদন করেন। আজ আপিল বিভাগও তাদের আবেদনটি খারিজ করে দিয়েছে। ফলে তাদের কারাগারেই থাকতে হচ্ছে।”

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে দলটিকে ‘নেতৃত্বশূন্য’ করার চেষ্টার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেয় বিচারিক আদালত।

২০১৮ সালের ১০ অক্টোবর রায় ঘোষণা করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

রায়ে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এছাড়া এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারক।

নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মৃতুদণ্ড কার্যকর করতে উচ্চ আদালতের অনুমোদন লাগে। সেই অনুমোদনের জন্য যে আবেদনটি (রায় ও মামলার নথিসহ) করা হয় সেটি ডেথ রেফারেন্স নামে পরিচিত।

বিচারিক আদালতে রায়ের দেড় মাসের মাথায় ২০১৮ সালের ২৭ নভেম্বর ডেথ রেফারেন্সসহ মামলার নথি হাই কোর্টে পাঠানো হয়। মামলার এজাহার, অভিযোগপত্র, সাক্ষীদের জবানবন্দি ও রায়সহ যাবতীয় নথিপত্র হাই কোর্টে দাখিল করা হয়।

হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় রায়ের অনুলিপিসহ মোট ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার এ নথি হাই কোর্টের রেকর্ড রুমে সংরক্ষণ করা হয়।  এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায় ৩৬৯ পৃষ্ঠার এবং হত্যা মামলার রায় ৩৫৬ পৃষ্ঠার।

এদিকে রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তরা জেল আপিলের পাশাপাশি মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কারাবন্দি আসামিরা জেল আপিল করেন।

গত বছর ১৩ জানুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে ৪৪ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করে।

সেদিন উচ্চ আদালতের এই বেঞ্চ মামলার বিচারিক আদালতের নথিও তলব করে। এরপর চলতি বছরের ১৬ আগস্ট বিজি প্রেস থেকে পেপারবুক তৈরি হয়ে সুপ্রিম কোর্টে আসে।

এখন রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য রয়েছে।