২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার খনি দুর্নীতি: অভিযোগ গঠন ফের পেছাল

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আরও পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 04:17 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুদকদারের মাধ্যমে সময়ের আবেদন করেন।

সেই আবেদন মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী বছরের ১২ জানুয়ারি নতুন তারিখ রাখেন।

পরে মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, “আমরা আদালতে বলেছি, খালেদা জিয়া খুব অসুস্থ। করোনা পরিস্থিতিতে অসুস্থতার কথা বিবেচনা করে সরকার তাকে মুক্তি দিয়েছে। এ অবস্থায় তার পক্ষে আদালতে আসা সম্ভব নয়। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির তারিখ পিছিয়ে দেন।”

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলাটি করা হয়।

ওই বছর ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সরকার গত ২৫ মার্চ নির্বাহী আদেশে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে মুক্তি দেয়।

তখন থেকেই তিনি গুলশানে নিজের বাসায় আছেন, সেখান থেকে একবারও বের হননি। শুরুতে ছয় মাসের জন্য তার সাজা স্থগিত হলেও পরে খালেদার পরিবারের আবেদনে তা আরও ছয় মাস বাড়ানো হয়।