বিআইডব্লিউটিসিতে যুক্ত হচ্ছে ‘কুঞ্জলতা’ ও ‘কদম’
বিআইডব্লিউটিসিতে যুক্ত হচ্ছে কুঞ্জলতা ও কদম নামে দুটি ফেরি।
মঙ্গলবার কেরাণীগঞ্জের 'হাইস্পিড শিপইয়ার্ড' পরিদর্শনে গিয়ে একথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ফেরি দুইটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷ ফেরি দুটির নির্মাণ ব্যয় হচ্ছে ২১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
প্রতিটি ফেরি ৪২ দশমিক ৭০ মিটার লম্বা এবং ১২ দশমিক ২০মিটার প্রস্থ আর ১২টি বাস ধারণক্ষমতা সম্পন্ন।
খালিদ মাহমুদ বলেন, “করোনাভাইরাসের কারণে একটি ফেরি আমরা এপ্রিলের আগে পাবে আর অপরটি এপ্রিলের মধ্যে পেয়ে যাব।”
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর হাইস্পিডের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর হয় এবং কার্য সম্পাদনের মেয়াদ ১৮ মাস ধরা হয়।
পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “যে দুটি ফেরির নির্মাণকাজ চলমান আছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা যথাসময় ফেরিগুলো হাতে পাব।”
এসব ফেরিতে আধুনিকায়ন সুবিধার কথা তুলে ধরে তিনি বলেন, ব্রেস্টফিডিং ব্যবস্থাসহ প্রতিবন্ধীদের জন্য টয়লেটের ব্যবস্থা থাকছে।
কোন রুটে চলাচল করবে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত রাখতে চাই। পদ্মা সেতু হয়ে গেলে পড়ে আমরা চিন্তা-ভাবনা করবো পরবর্তীতে এটা কোথায় সংযোজন করা যায়?”
নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমমোডর গোলাম সাদেকসহ নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
