২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ কোটি টাকা ‘আত্মসাতের’ মামলা সাধারণ বীমা কর্মকর্তার বিরুদ্ধে

জালিয়াতির মাধ্যমে বীমা প্রিমিয়ামের ২৬ কোটি ১৫ হাজার টাকা ‘আত্মসাতের’ অভিযোগে সাধারণ বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক মো. আবুল কাশেমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 04:39 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

সোমবার কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক মামলাটি দায়ের করেন বলে সংস্থার পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার চট্টাচার্য্য জানান।

আবুল কাশেম বর্তমানে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত রয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এজাহারে বলা হয়েছে, কাশেম ‘জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি করে ক্ষমতার অপব্যবহার করে সেই কাগজ দেখিয়ে’ ব্যাংক হিসাব খোলেন।

পরে ওই হিসাবে বীমা প্রিমিয়ামের টাকা জমা দেখিয়ে ‘২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা উত্তোলন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ’ করেন বলে দুদকের অনুসন্ধানে ‘প্রমাণ’ পাওয়ার কথা বলা হয়েছে মামলায়।