২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দীর উপ-পরিচালককে কারণ দর্শানোর নোটিস

সরকারি আদেশের সমালোচনা করায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 12:39 AM

Updated : 18 Aug 2022, 04:04 PM

ডা. মামুন মোর্শেদ সোহরাওয়ার্দী হাসপাতালের সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার ওএসডি করার আদেশের সমালোচনা করেছিলেন। ডা. উত্তমের বিদায় উপলক্ষে গত ৫ নভেম্বর মতবিনিময় সভা তার আয়োজনে হয়েছিল।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, “ওই সভায় সরকারি আদেশের সমালোচনা ও বিষোদগার করা হয়।

“এটি সরকার কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর পরিপন্থী এবং কর্মচারী বিধিমালা ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”

এ অবস্থায় ডা. মামুন মোর্শেদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

আমি ষড়যন্ত্রের শিকার: ডা. উত্তম  

যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে গত ২৯ অক্টোবর উত্তম কুমারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ। এরপর গত ৩ অক্টোবর পরিচালকের পদ থেকে সরিয়ে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ওইদিনই কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

মতবিনিময় সভায় ডা. উত্তম কুমার বড়ুয়া দাবি করেন, তিনি আওয়ামী লীগ সমর্থক এক চিকিৎসক নেতার ‘ষড়যন্ত্র’র শিকার হয়েছেন।

ওই সভায় মামুন মোর্শেদ বলেন, “যার হাত ধরে এই হাসপাতাল আজকের অবস্থানে এসেছে, একটা আদেশেই তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

“এ ধরনের আদেশ খুবই লজ্জাজনক, ন্যক্কারজনক। আমি অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানাই। আমরা মনে করি, এখানে কোনো ষড়যন্ত্র চলছে। কে এই ষড়যন্ত্রকারী, তা খুঁজে বের করতে হবে।”