ঢাকা-দিল্লি রুটে নতুন এয়ারলাইন্স ‘ভিস্তারা’
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান যোগাযোগে নতুন একটি এয়ারলাইন্স যুক্ত হয়েছে ‘ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স’।
বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিবক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
অনুষ্ঠানে তিনি বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে, আমাদের সাথে আরেকটি এয়ারলাইন্স সংযুক্ত হতে যাচ্ছে। আমাদের দুই দেশের সম্পর্ক অনেক দৃঢ় অবস্থায় আছে, আর ভবিষ্যতেও এমন থাকবে।
“বাংলাদেশ-ভারতের মতো চমৎকার সম্পর্ক বিশ্বের খুব কম দেশেই রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন দুই দেশের সম্পর্ক আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে।”
তিনি জানান, বাংলাদেশ ও ভারতে সপ্তাহে দশ হাজার যাত্রী নিয়ে ৫৬টি ফ্লাইট যাতায়াত করে। এয়ার বাবল চুক্তির অধীনে নতুন ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত বাড়বে৷
“আমি আশা করি, কোয়ালিটি, সেইফটি মেইনটেইন করে ভিস্তারা এয়ারলাইন্স যাত্রীদের সেবা দেবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “এটা খুব আনন্দের বিষয় যে, টাটা সিয়া আবার ফ্লাইট পরিচালনা করছে এবং বাংলাদেশের সাথে সংযুক্ত হয়েছে। ভিস্তারা এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেক্টিভিটি বাড়বে। এ অঞ্চলের অ্যাভিয়েশন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশি যাত্রীরা ভিস্তারা এয়ারলাইন্স ব্যবহার করে সহজেই ভারতে যেতে পারবেন।”
আপাতত এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট চলাচল করবে। দিল্লি থেকে রওনা হয়ে আসবে সকাল ৯টায়, যাবে রাত ১০টায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে এবং ৮০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় আবার দিল্লি ফিরবে বলেও জানান এই কর্মকর্তা।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান এ সময় উপস্থিত ছিলেন।
