২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজবাড়ি জঙ্গি আস্তানা: অভিযোগ গঠনের শুনানি ফের

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি জঙ্গি আস্তানায় অভিযানের মামলার ১০ আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠনের শুনানি হবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 06:40 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান মঙ্গলবার শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন রাখেন।

এই মামলায় অভিযোগ গঠনের সর্বশেষ শুনানি হয়েছিল ৬ ফেব্রুয়ারি। ওই দিন আদেশের জন্য ২ মার্চ দিন রাখা হয়েছিল। কিন্তু আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা যায়নি বলে আদেশ হয়নি।

মঙ্গলবার হাজিরা পরোয়ানা দিয়ে কারাগার থেকে সব আসামিকে এজলাসে তোলা হলেও অনেক আগের শুনানি নিয়ে মানসিক সন্তুষ্টি না পাওয়ায় বিচারক আবারও শুনানির দিন রাখেন বলে পেশকার সহকারী রুহুল আমিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য চারটি তারিখ পার হলেও আদেশ হয়নি।

এর আগে আসামি আব্দুর রউফ প্রধানের পক্ষে আইনজীবী আলহাজ্ব জসিম উদ্দিন মামলা থেকে অব্যহতির আবেদন করেছিলেন। অপর আসামি মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর ও সালাহ উদ্দিন কামরানের পক্ষে আইনজীবী জাকির হোসেন অব্যাহতির আবেদন করেছিলেন।

৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির সব আসামির পক্ষে অব্যাহতির আবেদন নামন্জুর করে অভিযোগ গঠনের দাবি জানান।

এ মামলার আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ  (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।

এদের মধ্যে আজাদুল কবিরাজ পলাতক রয়েছেন। আব্দুর রউফ ও আবুল কাশেম জামিনে আছেন। অপর সাত আসামি কারাগারে আছেন।

রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ এর পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছর ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।