কোভিড-১৯ সচেতনতায় মসজিদ থেকে প্রচারের আহ্বান
জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে মসজিদের মাইকে এবং জুমার খুতবায় স্বাস্থ্যবিধি প্রচারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গত মার্চে দেশে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্যবিধি মেনে চলার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হলেও তা এখন অনেকটাই শিথিল হয়ে পড়েছে।
ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শ দেওয়া হলেও তা অনেকেই মানছেন না।
এরমধ্যে শীতের শুরুতে দ্বিতীয় দফায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞরা প্রকাশ করার মধ্যে ইসলামিক ফাউন্ডেশন পদক্ষেপ নিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া পড়া ছাড়াও মসজিদে আগত মুসল্লিদের মাস্ক ব্যবহার করতে হবে।
ঘরের বাইরে বের হলে কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে ২০সেকেন্ড ধরে দুই হাত ভালোভাবে পরিষ্কার করা, ভিড় বা জনসমাগম এড়িয়ে দূরত্ব বজায় রাখা, হাঁচি বা কাশির সময় টিস্যু অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখা, নাক মুখ চোখ অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকা, করমর্দন-কোলাকুলি থেকে পরিহার করার প্রচার চালাতে বলা হয়েছে মসজিদগুলোকে।
অসুস্থ ব্যক্তিদের মসজিদে আসা থেকে বিরত থাকতেও বলেছে ইসলামিক ফাউন্ডেশন।
