২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যামামলায় আরেক হাকিমের সাক্ষ্য

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরেক হাকিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 07:20 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

মঙ্গলবার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

তিনি আসামি বুয়েটছাত্র খন্দকার তাব্বাখারুল ইসলাম তানভীর এবং ইফতি মোশাররফ সকালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছিলেন।

এর আগে সোমবার সাক্ষ্য দিয়েছিলেন আসামি মুজাহিদুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম নিভানা খায়ের জেসি।

জবানবন্দিতে হাকিম সাদবীর ইয়াসির বলেন, “আমি ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণের যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ করি।

“তাদের (আসামি) জবানবন্দি নিখুঁতভাবে বুঝিয়ে পড়িয়ে শুনিয়ে তাদের সম্মতিতে আমি ও তারা দুজনে যথাযথ স্থানে স্বাক্ষর করি।”

জবানবন্দি দেওয়ার পর এই হকিমকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম, ফারুক আহাম্মাদ, গাজী জিল্লুর রহমান।

বুধবার ঢাকার আরেকজন মহানগর হাকিম এই মামলায় সাক্ষ্য দেবেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা জানিয়েছেন।

আবরার হত্যামামলার ২৫ আসামির মধ্যে আটজন হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে মঙ্গলবার পর্যন্ত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আবরার হত্যামামলার সাক্ষ্যগ্রহণ গত ৫ অক্টোবর শুরু হয়েছে। ২৭ অক্টোবর পর্যন্ত মামলাটির সাক্ষ্যগ্রহণ একটানা চলবে।

আবরার ফাহাদ হত্যা: ২৫ আসামির বিচার শুরুর আদেশ

অশ্রুচোখে ন্যায়বিচার চাইলেন আবরারের বাবা  

আবরারের হলের ক্যান্টিন বয়ের মুখে ঘটনার বর্ণনা  

আবরারের লাশ হল থেকে সরাতে চাপ দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা রাসেল: চিকিৎসক  

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের একটি কক্ষে ছাত্রলীগের একদল নেতা-কর্মী পিটিয়ে হত্যা করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে।

আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।