হাজারীবাগ-কামরাঙ্গিরচরে নদী দখলে কারা, জানতে চায় হাই কোর্ট
ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় বুড়িগঙ্গা নদী দখলকারীদের নাম ঠিকানা জানতে চেয়েছে হাই কোর্ট।
আগামী তিন মাসের মধ্যে এ তথ্য আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশেষ জরিপ টিম গঠন করে সিএস-আরএস খতিয়ান অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করতে ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
জরিপ টিমে ঢাকার ডিসি ও বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি রাখতে বলা হয়েছে। আর এই জরিপ পরিচালনায় ঢাকার পুলিশ কমিশনারকে সব ধরনের সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আবেদনকারীপক্ষে আদালতে আইনজীবী হিসেবে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
ঢাকার চার নদীর অবৈধ দখল বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এইচআরপিবির করা এক রিট মামলার রায়ে হাই কোর্ট ২০০৯ সালে ৯ দফা নির্দেশনা দেয়; যা আপিল বিভাগেও বহাল থাকে।
কিন্তু হাজারীবাগ ও কামরাঙ্গিরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ ‘আদি চ্যানেল’ জরিপের বাইরে থাকায় সেখানে জরিপ করে দখলকারীদের চিহ্নিত করতে ২০১৫ সালে আবেদন করে এইচআরপিবি।
শুনানি শেষে হাই কোর্ট ওই বছরের ২৬ আগস্ট বিশেষ জরিপ টিম গঠন করে সিএস-আরএস খতিয়ান অনুসারে সীমানা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছি।
এর ধারাবাহিকতায় দখলকারীদের তালিকা ও বিশেষ জরিপের নির্দেশনা চেয়ে গত ৬ অক্টোবর সম্পূরক আবেদন করে এইচআরপিবি। সোমবার সে আবেদনের ওপর শুনানি করে আদেশ দিল আদালত।
আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে নদীর আদি চ্যানেলের জায়গা পুনরুদ্ধার করা প্রয়োজন। নইলে নদীর জায়গা দখলে অন্যরাও উৎসাহিত হবে।”
