২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

ধর্ষণের বিরুদ্ধে যখন সরব গোটা দেশ, তখন ঢাকার পল্লবীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 01:33 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

শনিবার রাতে পল্লবীর কালসীর একটি মেসে এ ঘটনা ঘটার পর চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

১২/১৩ বছরের ওই কিশোরী দুই দিন আগে নোয়াখালী থেকে কালসীতে বাবার কাছে বেড়াতে এসেছিল।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার সঙ্গে শনিবার রাতে রাগ করে বাসা থেকে বের হয়েছিল শিশুটি। কিছু দূর গিয়ে মেয়েটি পথ হারিয়ে ফেলে।

“এ সময় চারজন মেয়েটিকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে কালসীর একটি মেসে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে রাতভর ধর্ষণ করে।

তিনি বলেন, রোববার সকালে মেয়েটির চেতনা ফিরলে সে কান্নাকাটি শুরু করে দেয়। এ ফাঁকে ওই চারজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে ঘটনা শুনে মেয়েটিকে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, “মেয়েটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ঘটনা (ধর্ষণ) ঘটেছে।”

ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “মেয়েটি বাবার বাসা কোথায়, বলতে পারেনি। পুলিশ অনেক খোঁজাখুঁজি করে আজ (রোববার) বিকালে মেয়েটির বাবাকে খুঁজে পায় এবং মামলা নেয়।”

এরই মধ্যে পুলিশ মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আলামিন (২৩), মিন্টু (২২), জুয়েল (২৪) ও হৃদয় (২১) নামে চার যুবককে গ্রেপ্তার করে বলে ওসি জানান।

এই যুবকরাই ধর্ষণে জড়িত বলে পুলিরে ধারণা।

গ্রেপ্তার চার যুবক ‘স্থানীয় বখাটে’ বলে জানান পুলিশ কর্মকর্তা ওয়াজেদ।