দুই প্রকৌশলীকে লাঞ্ছনাকারীর শাস্তি চেয়ে আইইবির বিবৃতি
রাজউকের দুই প্রকল্প পরিচালককে লাঞ্ছনার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দেশের প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, আইইবি।
শনিবার আইইবির কেন্দ্রীয় কাউন্সিল এবং নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (সম্মানীয়) শাহাদাৎ হোসেন শীবলু এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান রাজিন ইন্টারন্যাশনালের মালিক মীর মঞ্জুর হোসেন অনৈতিকভাবে সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘন করে কাজ দেয়ার জন্য প্রকল্প পরিচালকদের কার্যালয়ৈ এসে হুমকি ও চাপ দিতেন। প্রকল্প পরিচালক প্রকৌশলীরা এই ঠিকাদারের চাহিদামাফিক কাজ না করায় গত বৃহস্পতিবার ওই দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করেন।
“তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, আসবাবপত্র ভাংচুর, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি এবং শারিরিকভাবে লাঞ্ছিত করেন।”
বিবৃতিতে বলা হয়েছে, প্রকৌশলীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে সরকারি/বেসরকারি অফিসে বিভিন্নভাবে লাঞ্ছনা ও সন্ত্রাসী হামলার শিকার এমনকি হত্যার শিকার হচ্ছেন। এ ধরনের কার্যক্রম দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে।
“এই ঘটনাসহ বিভিন্ন সময় প্রকৌশলীদের ওপর হামলা, লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই সাথে রাজিন ইন্টারন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি।”
বৃহস্পতিবার বিকালে রাজউকের ঝিলমিল প্রকল্পের পরিচালক মো. নুরুল ইসলাম ও উত্তরা আরটিএম(৩য় ফেইজ) প্রকল্প পরিচালক মো. আব্দুল আওয়ালের কক্ষে ঢুকে রাজীন ইন্টারন্যাশনালের মালিক মীর মঞ্জুর হোসেন এই ভাংচুর চালান বলে অভিযোগ করেছেন রাজউক কর্মকর্তারা।
