আরমানিটোলায় ‘ম্যানহোলে’ বিস্ফোরণে আহত ৯
পুরান ঢাকার আরমানিটোলায় সড়কে ‘ম্যানহোলে’ বিস্ফোরণে নয়জন আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি শাহিন ফকির জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরমানিটোলা মাঠের পশ্চিম পাশের সড়কে ম্যানহোলে বিস্ফোরণ ঘটে ঢাকনা উড়ে গেছে, রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যুয়ারেজের লাইনে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।”
বিস্ফোরণে নয়জন পথচারী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মিটফোর্ড মেডিকেলে ভর্তি আছেন এবং চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান ওসি শাহিন ফকির।
