২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষ মাহফুজা হত্যা: দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

আড়াই বছর আগে ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় তার বাসার দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রেশমা আক্তার ওরফে রুমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 02:07 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রোববার আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।

হত্যার দায়ে দুই আসামিকে সর্বোচ্চ সাজার আদেশ দেওয়ার পাশাপাশি চুরির জন্য তাদের দুজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে রায়ে। তবে ফাঁসির রায় কার্যকর হয়ে গেলে কারাদণ্ড আর প্রযোজ্য হবে না।

রায়ের পযর্বেক্ষণে বিচারক বলেন, ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনাটি ‘নিমর্ম, জঘন্য, পৈশাচিক, নৃশংস, বর্বরোচিত ও চাঞ্চল্যকর’ হত্যাকাণ্ড।

“দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই এ ধরনের অপরাধ প্রতিহত করা সম্ভব। এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ডের যেন পুনরাবৃত্তি না ঘটে। এ মামলার আসামিরা কোনোভাবেই অনুকম্পা পেতে পারে না।”

Image
অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সবাইকে সতর্ক করতে রায়ের পর্যবেক্ষণে ছয়টি নির্দেশনাও দিয়েছেন বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

তিনি বলেন, “গৃহকর্মী মোসাম্মৎ রেশমা আক্তার ওরফে রুমা ও রিতা আক্তার ওরফে স্বপ্নার মত আর কেউ যেন ভুল পথে অগ্রসর হতে না পারে, সেজন্য বাসা বাড়িতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকেও জরুরিভাবে সতর্ক হতে হবে।”

রায় শুনে মাহফুজার ছেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কমকর্তা সানিয়াত ইসমত অমিত, অমিতের স্ত্রী নাহরীন চৌধুরী, অমিতের খালু হামিদুল হক মুরাদ, খালা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরিদর্শক ইয়াসমিন চৌধুরী কাঁদতে থাকেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু আবদুল্লাহ ভূঞা বলেন, “রায় সঠিক হয়েছে। উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে বলে আমরা আশা কারি।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মতিউর রহমান মতি সাংবাদিকদের বলেন, “অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেননি। আমরা ন্যায়বিচার পাইনি। অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিল করব।”

মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডে নিজের বাসায় খুন হন তিনি।

ওই ঘটনায় তার স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ওই বাসার গৃহকর্মী স্বপ্না ও রুমা এবং রুনু বেগম নামে এক নারীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়। পরে স্বপ্না ও রুমা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২১ জুলাই স্বপ্না ও রুমাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন।

সেখানে বলা হয়, বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে আসামিরা মাহফুজাকে নাকে-মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে।

যিনি তাদের ওই বাসায় কাজে দিয়েছিলেন, সেই রুনু বেগমের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয় অভিযোগপত্রে।

চলতি বছরের শুরুতে মামলাটি বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারক দুই আসামির বিচার শুরুর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ২৭ জনের সাক্ষ্য গ্রহণের পর মামরাটি বিচারের শেষ পর্যায়ে আসে। গত ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক রায়ের জন্য ৪ অক্টোবর দিন ঠিক করে দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আবু আব্দুল্লাহ ভূঞা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মতিউর রহমান মতি।

পুরনো খবর

অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলার রায় রোববার

অধ্যক্ষ মাহফুজা হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ শেষ  

অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলা দ্রুত বিচারে

অধ্যক্ষ মাহফুজা হত্যার অভিযোগপত্র গ্রহণ, বিচার জজ আদালতে

অধ্যক্ষ মাহফুজা হত্যার অভিযোগপত্র গ্রহণ, বিচার জজ আদালতে

অধ্যক্ষ মাহফুজা হত্যার অভিযোগপত্র গ্রহণ, বিচার জজ আদালতে

মাহফুজা হত্যা: গৃহকর্মীসহ দুইজনকে গ্রেপ্তার

নিজের ঘরে ইডেনের সাবেক অধ্যক্ষের লাশ, সন্দেহে গৃহকর্মী