২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযানে ডিএনসিসি ঠিকাদারের মালামালও জব্দ

আবারও অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা সামগ্রী জব্দের পর তা নিলামে বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন; জব্দ করা সামগ্রীর মধ্যে ডিএনসিসির ঠিকাদারের মালামালও রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2020, 10:41 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

সোমবার বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত গুলশান, বনানী, বারিধারা ও বাড্ডা এলাকায় তিনটি অভিযান চালানো হয়।

জব্দ করা নির্মাণসামগ্রী নিলামে তুলে বিক্রি করা হয় ২১ লাখ ৭৭ হাজার ৩২৫ টাকায়।

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে গুলশানে অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনের ফুটপাত জুড়ে রাখা বালু জব্দ করা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসব বালু ডিএনসিসির ঠিকাদার রেখেছিল। নগর ভবনের ছয় তলার উন্নয়নকাজের জন্য এসব বালু রাখা হয়েছিল।

রাস্তার পাশে বালু রাখায় ঠিকাদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে গুলশানের ৯০ নম্বর সড়কের কয়েকটি নির্মাণাধীন ভবনের সামনের ফুটপাত জুড়ে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করা হয়। তাৎক্ষণিক নিলামে ১৭ লাখ ৫৫ হাজার টাকায় তা কিনে নেন কয়েকজন ক্রেতা।

অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বনানী ও কামাল আতাতুর্ক এভিনিউতে অভিযান চালান। এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী জব্দের পর তা নিলামে ৩ লাখ ৫১ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। ফুটপাত ও সড়ক দখল করে রাখায় এ সময় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন নতুন বাজার থেকে বাড্ডা পর্যন্ত মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১০০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেন।

ফুটপাতে অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখায় এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা নির্মাণসামগ্রী বিক্রি হয় ২২ হাজার ৪২৫ টাকায়।

অভিযানের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই সোমবার এসব জরিমানা করা হয়। ফুটপাত ও সড়কে মালামাল না রাখতে আগেই সতর্ক করা হয়েছিল।

“মাননীয় মেয়র ইতিপূর্বে কয়েকবার বলেছেন জনগণের চলাচলের রাস্তা দখল করে যারা মালামাল রাখছেন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও অনেকেই রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখছেন। এজন্যই আজকের অভিযান।”

“অভিযানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। আজ অভিযানের শুরুতেই নগর ভবনের সামনে বালু রাখার দায়ে সিটি করপোরেশনের ঠিকাদারকে জরিমানা করেছি,” বলেন তিনি।