২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল কর্মকর্তা রমজান ও স্ত্রীর আগাম জামিন বহাল

‘জ্ঞাত আয়ের বাইরে’ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ রেলওয়ের খুলনা-মোংলা রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রমজান আলী এবং তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরার আগাম জামিন বহাল রেখছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2020, 02:15 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে আবেদন করেছিল, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রমজান আলী ও তার স্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন।

খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দিয়েছেন।”

দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিক গত ১৬ আগস্ট কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ রমজান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

এরপর তারা উচ্চ আদালতে গেলে গত ২০ অগাস্ট হাই কোর্ট তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেয়।

ওই জামিন স্থগিত চেয়ে দুদক আবেদন করলে গত ২৭ অগাস্ট আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ দুদকের আবেদন খারিজ করে দিল।

রমজান আলীর বিরুদ্ধে মামলায় দুই কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৬ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

আর আগা দিলরুবা পারভীন ইলোরার বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৬৫৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুটি মামলাই বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।