২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের আনতে না পারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লানি’: শাহরিয়ার আলম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে না পারাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ‘গ্লানির’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 12:39 AM

Updated : 18 Aug 2022, 03:38 PM

বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘৭৫ পরবর্তী বাংলাদেশ: বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক এক ওয়েবনিয়ারে এই মন্তব্য করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, “একটি কথা আমি বলি, ব্যক্তিগতভাবে নিজেকে কখনোই সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করতে পারব না যত দিন না পর্যন্ত বঙ্গবন্ধুর শেষ খুনিটিকে আইনের মুখোমুখি করিয়ে দিতে না পারব আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

“এটা যে কত বড় গ্লানি জাতি হিসেবে… তার চেয়ে অনেক বড় গ্লানি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউশন হিসেবে।”

বাংলাদেশের স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য।

দীর্ঘ ৩৮ বছর দেশের মানুষ অপেক্ষায় থেকেছে এই হত্যার বিচারের। ২০০৮ সালে আওয়ামী লীগ  ক্ষমতায় ফেরার পর বিচারপ্রক্রিয়ার অবসান শেষে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি।

এরা হলেন- সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ, মহিউদ্দিন আহমদ, এ কে বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন।

দীর্ঘদিন পালিয়ে থাকার পর চলতি বছর ১২ এপ্রিল মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদের।

বঙ্গবন্ধুর ৫ খুনি এখনও অধরা

তবে এখনও অধরা রয়ে গেছেন বঙ্গবন্ধুর পাঁচ খুনি। তারা হলেন- আব্দুর রশীদ, শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন, রাশেদ চৌধুরী ও এবিএমএইচ নূর চৌধুরী।

এদের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরীর কানাডায় অবস্থানের খবর সবার জানা। তাদের ফেরানোর চেষ্টা চললেও তার কোনো অগ্রগতি নেই।

মোসলেম উদ্দিন সম্প্রতি ভারতে ধরা পড়েছেন বলে সেদেশের গণমাধ্যমে খবর বের হলেও তার সত্যতা নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ সরকার। রশীদ ও ডালিম যে কোথায় আছেন, তার তালাশ এখনও পায়নি দেশের গোয়েন্দারা।

ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) বরাবরের মতোই বলছে, পলাতক খুনিদের আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী ছাড়া বাকিরা পাকিস্তান, লিবিয়া অথবা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহ লেগে থাকা দেশগুলোতেই লুকিয়ে আছেন।

শাহরিয়ার আলম বলেন, “বাকি তিনজন হয় পাকিস্তান অথবা লিবিয়া অথবা আফ্রিকার যে দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় থাকে, যেখানে সত্যিকার অর্থে মানুষকে আপনি লুকিয়ে রাখতে পারবেন- এ রাষ্ট্রগুলোর কোথাও না কোথাও তারা আছে।

“আমরা আমাদের আন্তর্জাতিক কূটনীতি জোরদার করেছি এদেরকে খুঁজে বের করার জন্য। আশা করছি, তাদের অবস্থান আমরা চিহ্নিত করতে পারব। তবে একটি বড়, একটি টেকনিক্যাল ইস্যু আছে, বিশেষ করে তিনজন, নূর ও রাশেদ চৌধুরী ছাড়া বাকি তিনজন তারা নাম পাল্টে ফেলেছেন। তারা পাকিস্তানি বা অন্য দেশি পাসপোর্ট ব্যবহার করেছেন, সে তথ্য আমরা একটা সময় পর্যন্ত  পেয়েছিলাম। তারপর সরকারের ধারাবাহিকতার অভাবের কারণে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে আমরা এগিয়ে যাব।”

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনীতিকদের সহায়তা কামনা

বঙ্গবন্ধুর খুনিদের রক্ষার সেই অধ্যাদেশে কী ছিল, কী ভাবে এল, কী করে গেল  

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসীন হয়ে খুনিদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত করেছিলেন।

শাহরিয়ার আলম বলেন, “খুনিরা রাষ্ট্রদূতের ভূমিকায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলে কম বলা হবে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন।

“তারা যেসব দেশে গিয়েছিলেন সেসব দেশের সরকার ও জনগণ জানত, তারা খুনি। তারা এমন একটি দেশ থেকে এসেছে যে দেশের জাতির জনককেই তারা খুন করে এসেছেন। তো বাংলাদেশ সমন্ধে সে দেশের জনগণের কত নিচু বা খারাপ ধারণা হয়ে থাকতে পারে?”

হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে বঙ্গবন্ধুর দুই খুনি খন্দকার আবদুর রশিদ ও  সৈয়দ ফারুক রহমান ফ্রিডম পার্টি গঠন করছিলেন।

শাহরিয়ার আলম বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল। জিয়া ও এরশাদের শাসনামলে বহু সেনা সদস্য হত্যায় যুক্ত থাকার পর তাদের দেশে আসতেও বাধা দেওয়া হয়েছিল। পরে গাদ্দাফির মধ্যস্ততায় তারা দেশে আসতে পারেন। ফ্রিডম পার্টি গঠনের মাধ্যমেই তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়ে যায়।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘সম্পৃক্ততার’ কথা বলে তাকে ‘খাটো করার অপচেষ্টা নতুনভাবে শুরু হয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর জবাবে শাহরিয়ার আলম বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা ধোপে টেকে না। তার দলের সাংসদরা, নেতারা জাতীয় সংসদে ও টিভি টকশোতে আরেকটি পনের অগাস্ট ঘটানোর হুমকি দিয়েছেন। তারা বলেছেন, শেখ হাসিনাকে সপরিবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে।”

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন গবেষক ও কলামনিস্ট সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক ও কলামনিস্ট সুভাষ সিংহ রায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটির অধ্যাপক শামস রহমান এবং লেখক-গবেষক হাসান মোরশেদ।