২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনীতিকদের সহায়তা কামনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 05:16 PM

Updated : 10 Oct 2022, 07:20 PM

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার এক ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে কূটনীতিকদের সহায়তা করার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বঙ্গবন্ধুর পাঁচজন খুনি এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক আছে। আমরা ইতোমধ্যে দুজনের অবস্থান জানতে পেরেছি। বাকি তিনজনের অবস্থান আমরা এখনও জানি না।

“এসব খুনিদের অবস্থান নির্ণয় ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তার জন্য সব বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ৮৩ জন হাই কমিশনার ও রাষ্ট্রদূত এই ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন।

আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।

বঙ্গবন্ধু হত্যা এবং বিচারের পটভূমি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন অনুষ্ঠানে বলেন, “আমরা ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর বিচারের রায় কার্য়কর করতে চাই।

“ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব খুনিদের বিচারের আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে এ বিচার কাজ সম্পন্ন করা হয়।”

একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি ও গণতন্ত্র সুরক্ষিত করতে বঙ্গবন্ধুর ভূমিকার কথাও আলোচনা সভায় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তৃতায় বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব, পররাষ্ট্রনীতি ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যার বিষয়ে তুলে ধরেন।

সভার শুরুতে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান থেকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন ।

স্বাধীনতার চার বছরের মধ্যে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।

ইতিহাসের নৃশংসতম এই রাজনৈতিক হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খোলে। তখন বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর বিচারের গতি শ্লথ হয়ে যায়।

২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর বিচার শেষে ২০১০ সালে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সর্বশেষ গত এপ্রিলে পলাতক আবদুল মাজেদ ধরা পড়লে ফাঁসিতে ঝুলিয়ে তার বিচারের রায় কার্যকর করা হয়।

তবে দণ্ডিত পাঁচ খুনি এখনও বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরী এবং কানাডায় থাকা নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার জন্য বহু বছর ধরেই ওই দুই দেশের সরকারের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।