ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে শাজাহান খানের মামলা
পরিবার নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশ করার অভিযোগে দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি দায়ের করা হয় বলে শাজাহান খানের আইনজীবী সৈয়দ কামরুজ্জামান (মাহবুব) জানান।
দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন
আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে পিবিআইকে।
করোনাভাইরাস পরীক্ষার সনদ ভুল থাকায় গত ২৬ জুলাই শাজাহান খানের মেয়ে ঐশী খানকে ঢাকার বিমানন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। তিনি লন্ডন যেতে চেয়েছিলেন। ঐশী খান ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ওইদিন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম বলেছিলেন, ঐশী খান কোভিড-১৯ প্রতিবেদনের যে হার্ড কপি নিয়ে বিমানবন্দরে এসেছিলেন, তাতে নেগেটিভ লেখা ছিল। কিন্তু বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেস্ক এবং ইমিগ্রেশন ওয়েবসাইটে পজিটিভ দেখা যায়। ফলে তাকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়।
পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ‘ভুল করে’ ঐশী খানকে করোনাভাইরাস ‘নেগেটিভ’ প্রতিবেদন দেওয়া হয়েছিল।
এরপর গত ২৮ জুলাই দৈনিক ইনকিলাবে ‘শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি’ শিরোনামে সম্পাদকীয় প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়- ‘করোনার জাল সনদ দেখিয়ে লন্ডনে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান। করোনা পজিটিভ থাকার পরও নেগেটিভ সনদ নিয়ে লন্ডনে যাচ্ছিলেন। তবে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি’।
শাজাহান খানের করা মামলায় অভিযোগ বা হয়েছে, ঐশী লন্ডন থেকে গত ২০ ফেব্রুয়ারি ছুটিতে বাংলাদেশে আসেন। করোনাভাইরাসের কারণে তিনি আর যেতে পারেননি।
এরপর গত ২৬ জুলাই তিনি করোনাভাইরাস পরীক্ষা করান। পরদিন রিপোর্ট আসে নেগেটিভ। কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশনে সনদ যাচাইয়ে করোনাভাইরাস পজিটিভ আসে।
মামলায় বলা হয়, “এরপর শাহজাহান খান ২৭ জুলাই ঐশী স্বাক্ষরিত চিঠিতে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে সংবাদ সম্মেলনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক ভুল স্বীকার করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, তাদের ডেটা অপারেটরের ভুলের কারণে ওই সমস্যা তৈরি হয়, যার জন্য শাহজাহান খান বা তার মেয়ে মোটেও দায়ী নন।”
মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বলেও শাজাহান খানের আইনজীবী কামরুজ্জমান জানিয়েছেন।
