২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীর তিন বোমাবহনকারী ১৪ দিনের রিমান্ডে

ঢাকার পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2020, 04:49 PM

Updated : 18 Aug 2022, 03:33 PM

পল্লবী থানার অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায় পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে মহানগর হাকিম মঈনুল ইসলাম এই আদেশ দেন।

রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ নামের ওই তিনজনকে বুধবার ভোরে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। পল্লবী থানায় নেওয়ার পর তাদের কাছ থেকে জব্দ করা একটি ওজন যন্ত্রে লুকানো বোমায় বিস্ফোরণ ঘটে। তাতে চার পুলিশসহ পাঁচজন আহত হন।

বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পল্লবী থানার অস্ত্র মামলায় সাত এবং বিস্ফোরক মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুকুজ্জামান মল্লিক।

রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এস আই সেলিম হোসেন শুনানিতে বলেন, “এরা পেশাদার অপরাধী। তাদের নামে আরো মামলা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে পাঠানো হোক।”

অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ডের বিরোধিতা করেন আইনজীব শামীমুল ইসলাম এবং ওয়াজেদ আলী।

শুনানিতে তারা বলেন, এই আসামিদের সবাইকে ‘অনেক আগে’ গ্রেপ্তার করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানো হয়নি, যা ফৌজদারী কার্যবিধি এবং সংবিধানবিরোধী।

আসামিরা ‘আহত’ এবং রিমান্ডে পেলে পুলিশ তাদের ওপর ‘অত্যাচার’ করবে বলেও শঙ্কা প্রকাশ করেন আসামিপক্ষের একজন আইনজীবী।

উভয়পক্ষের বক্তব্য শুনে বিচারক তিন আসামির প্রত্যেককে অস্ত্র মামলায় সাত দিন এবং বিস্ফোরক মামলায় সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে প্রসিকিউশন পুলিশের উপ কমিশনার মো. জাফর হোসেন জানান।

Image
বিস্ফোরণে ভেঙে গেছে পল্লবী থানার জানালা

বিস্ফোরণে ভেঙে গেছে পল্লবী থানার জানালা

কী ঘটেছিল?

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় বুধবার সাংবাদিকদের বলেন, কালশী কবরস্থানের কাছে ‘একদল সন্ত্রাসী’ অবস্থান করছে খবর পেয়ে মঙ্গলবার রাত ২টার দিকে পল্লবী থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

“অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজন ছিল, তারা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ডিভাইস পাওয়া যায়, যেটি দেখতে ওজন মাপার মেশিনের মত।”

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গ্রেপ্তার তিনজন পুলিশকে জানায়, ওই ওজন মাপার যন্ত্রে ‘বোমা রয়েছে’। এরপর বোমা নিস্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলে তারা এসে ডিউটি অফিসারের কক্ষে ওই ওজন মাপার মেশিন পরীক্ষা করেন।

পরে আরেকটি বিশেষজ্ঞ দলকে ডাকা হয়, তারা পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।  

বিস্ফোরণের ধাক্কায় থানার দোতলার জানালার কাচ ভেঙে যায়, আশপাশের মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। পল্লাবী থানায় পরিদর্শক (অপারেশনস) এমরানুল ইসলামসহ পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভাড়ানে খুনি?

পল্লবীর ওই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে কৃষ্ণপদ রায় বুধবার সাংবাদিকদের বলেন, “অপরাধীচক্র, যারা মিরপুর ভিত্তিক অপরাধ করে থাকে, গ্রেপ্তাররা তাদেরই সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা একটি অপরাধ করার জন্য এসেছিল, সে অপরাধ হতে পারে কাউকে খুন করা, কোনো সম্পত্তি সংক্রান্ত অথবা ডাকাতি করা। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।”

তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ওই তিন অস্ত্রধারী ‘ভাড়াটে খুনি’ হিসেবে কাজ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে।

“পুলিশের কাছে তথ্য ছিল তারা পল্লবীর স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে হত্যা করবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিষয়গুলো স্পষ্ট হবে।”

কাকে তারা হত্যা করতে চেয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “বড় কোনো নেতা নয়, স্থানীয়ভাবে থাকে না অনেক ধরনের দুশমনি? সেইরকম শত্রুতা থেকে কোনো একজনকে হত্যা করার পরিকল্পনার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে।”

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) পল্লবীর ওই ঘটনার দায় নিয়েছে বলে খবর দিয়েছে অনলাইনে জঙ্গিকার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ।

এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে বিভিন্ন নাশকতার ঘটনার দায় স্বীকার করে আইএস বার্তা দিয়েছে। তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রতিবারই বলা হয়েছে, দেশে আইএস এর কোনো ‘অস্তিত্ব নেই’।

আগেই গ্রেপ্তার?

পুলিশ ওই তিনজনকে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারের কথা বললেও তাদের একজন শহিদুল ইসলামকে দুদিন আগেই ধরে নেওয়া হয়েছিল বলে তার স্বজন ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।

শহিদুলকে গত সোমবার ‘তুলে নেওয়ার পর; পল্লবী থানায় করা জিডির কপিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেখিয়েছেন তার বড় ভাই রফিকুল ইসলাম। ঘটনাটি র‌্যাবকেও জানিয়েছিলেন বলে তার ভাষ্য।

মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ এলাকায় সবজি বিক্রেতা আব্দুল কাদেরের ৪ ছেলে এক মেয়ের মধ্যে শহিদুল (২৩) চতুর্থ। পেশায় তিনি বাসচালক।

তার ভাই রফিকুল বলছেন, তাদের বাসার কাছে আক্কাস আলীর চা-বিস্কুটের দোকান থেকে সোমবার বিকালে শহিদুলকে ‘তুলে নিয়ে যায়’ মাইক্রোবাসে আসা একদল লোক।

শহিদুলের বাবা আব্দুল কাদের বলেছেন, ‘ডিবি পুলিশের লোকজন’ এসে ছেলেকে তুলে নিয়ে গেছে শুনে তিনি থানায় গিয়েছিলেন।

“থানায় তারা বলে, তারা নেয়নি। ডিবি অফিসে গেলে ডিবির লোকজন বলে, যদি আইনা থাকে তিন দিনের আগে খবর পাইবেন না।”

তবে পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুরনো খবর:

পল্লবীর তিন বোমা বহনকারী ‘ভাড়াটে খুনি’
পল্লবী থানায় বোমা বিস্ফোরণ, পরিদর্শকসহ আহত ৫
থানায় বিস্ফোরণ: শহিদুলকে ধরে নেওয়া হয়েছিল দুদিন আগেই, দাবি পরিবারের