২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 01:47 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তারা।

এখন রাষ্ট্রপতি এ বিষয়ে সম্মতি দিলেই মহাপরিচালক হিসেবে ডা. আজাদের দায়িত্বের অবসান ঘটানো হবে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বুধবারই জানিয়েছিলেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ডা. আজাদ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানান।

২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে ছিলেন ডা. আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার।

Image
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষে আলাপচারিতার এই ছবি গত ৮ এপ্রিল ফেইসবুকে পোস্ট করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, যা নিয়ে সমালোচনায় পড়েন আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষে আলাপচারিতার এই ছবি গত ৮ এপ্রিল ফেইসবুকে পোস্ট করেছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, যা নিয়ে সমালোচনায় পড়েন আবুল কালাম আজাদ

চাকরির মেয়াদ শেষে ২০১৯ সালের ২৭ মার্চ তাকে দুই বছরের চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই আদেশে বলা হয়েছিল, ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তিনি মহাপরিচালকের দায়িত্ব থাকবেন। সে হিসেবে, আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল।

স্বাস্থ্য খাতে কেনাকাটায় নানা অনিয়ম নিয়ে এর আগে কথা উঠলেও তাতে সমস্যায় পড়তে হয়নি আবুল কালাম আজাদকে।

কিন্তু গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারির খবর প্রকাশ হতে থাকলে তাকে বিপাকে পড়তে হয়।

শুরুটা হয়েছিল চিকিৎসকদের নিম্ন মানের মাস্ক সরবরাহ দিয়ে। এরপর রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর তোপের মুখে পড়েন ডা. আজাদ।

এক পর্যায়ে তিনি রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধেও জড়ান। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও দুই-তিন বছর থাকবে বলে এক বক্তব্যের জন্য মন্ত্রীদের তোপেও পড়তে হয়েছিল ডা. আজাদকে। পরে তিনি সেই বক্তব্য নিয়ে ‘বিভ্রান্তির’ জন্য দুঃখ প্রকাশ করেন।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের কাজ নিয়ে হতাশা প্রকাশ করে আসছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা, যার দায় অধিদপ্তরে মহাপরিচালক আবুল কালাম আজাদের উপর বর্তায়।

তিনি নিজেও এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত মে মাসে তাকে সিএমএইচেও ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদ ছাড়তে হল আবুল কালাম আজাদকে  

রিজেন্টকাণ্ড: ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে, স্বাস্থ্যের ডিজির জবাব চায় মন্ত্রণালয়  

রিজেন্টকাণ্ড: স্বাস্থ্যের ডিজি বলছেন আগের সচিবের কথা  

বিভ্রান্তির জন্য স্বাস্থ্যের ডিজির ‘দুঃখ প্রকাশ’  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে ছিলেন, জানালেন স্বাস্থ্যের ডিজি  

গণমাধ্যমে সব ‘সঠিকভাবে’ আসছে না: স্বাস্থ্যের ডিজি

সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে করোনাভাইরাস মোকাবেলায় নেওয়া দুটি প্রকল্পেও অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এ প্রকল্পে গগলস ও পিপিইর দাম বাজারমূল্যের কয়েকগুণ বেশি ধরা হয়েছে। এ ঘটনার পর গত মাসে প্রকল্পের পরিচালককে বদলি করে সরকার।

মহামারীর মধ্যে নানা অভিযোগ ওঠায় এর আগে স্বাস্থ্য সচিবসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার ধারাবাহিকতায় এবার আবুল কালাম আজাদকে বিদায় নিতে হল। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আজাদ অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

১৯৯০ সালে তৎকালীন আইপিজিএমআর (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এমফিল ডিগ্রি নেন তিনি।

আবুল কালাম স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বও পালন করেছেন।