কোভিড-১৯: ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় ৬টা ৪১ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পত্রিকাটির প্রধান প্রতিবেদক এস এম জাহাঙ্গীর জানিয়েছেন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আবদুল্লাহ মোহাম্মদ হাসানের বয়স হয়েছিল ৭২ বছর।
করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন প্রবীণ এই সাংবাদিক। পরে গত ৪ জুলাই অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আবদুল্লাহ মোহাম্মদ হাসানের জন্ম রংপুরে ১৯৪৮ সালে। এর আগে তিনি বাংলাদেশ টাইমস, ডেইলি টেলিগ্রাফ, ইন্ডিপেনডেন্ট ও ডেইলি সান পত্রিকায় কাজ করেছেন।
তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দিয়েছেন।
