তামাকের কর আরও বাড়ানোর পরামর্শ ৭ সংসদ সদস্যের
তামাকজাত দ্রব্যের বর্তমান কর কাঠামোর পরিবর্তন করে সরকারের রাজস্ব আয় বাড়িয়ে তা করোনাভাইরাস মহামারীর এই সময়ে জনস্বাস্থ্যে ব্যয় করার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সাতজন সংসদ সদস্য।
এই সাত সংসদ সদস্যের ছয়জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্য। তারা হলেন মুহাম্মদ ফারুক খান, হাবিবে মিল্লাত, আয়েন উদ্দিন, ওয়াসিকা আয়শা খান, অপরাজিতা হক ও মাসুদা এম রশীদ চৌধুরী। তাদের সঙ্গে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
তাদের চিঠির খবর জানিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “এই সাত সংসদ সদস্যের অনুরোধ রক্ষা হলে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকারকে আর অন্য দিকে তাকাতে হবে না। অতিরিক্ত ১১ হাজার কোটি টাকা রাজস্ব আয় দিয়ে সরকার তা সহজে মোকাবেলা করতে পারবে।”
অর্থমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তামাক পণ্যের কর বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছিল গত ১১ জুন সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে তার প্রতিফলন না থাকায় হতাশ হতে হয়েছে। প্রস্তাবিত বাজেট পাস হলে তামাক কোম্পানিগুলো বিনা ব্যয়ে বেশি মুনাফার সুযোগ পাবে।
প্রস্তাবিত বাজেটে তামাকে শুল্ক বৃদ্ধির হার নিয়ে চিঠিতে বলা হয়, এতে সরকারের রাজস্ব আয় খুব বেশি বাড়বে না; বরং শুল্ক না বাড়িয়ে দাম বাড়ানোর ফলে তামাক কোম্পানিগুলো বিনা ব্যয়ে আরও বেশি মুনাফা করার সুযোগ পাবে।
“জনস্বাস্থ্য রক্ষায় এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট শুল্ক আরোপ, সিগারেটের চারটি স্তর থেকে দুইটিতে নামিয়ে আনার যে প্রস্তাব করা হয়েছিল, প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। এটা করা হলে সরকার ২০২০-২১ অর্থবছরে অতিরিক্ত ১১হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে পারে।”
সাতজন সংসদ সদস্যই সিগারেটের চারটি স্তর দুটিতে নামিয়ে আনা, সব তামাকপণ্যের উপর কোভিড-১৯ নামে শতকরা ৩ শতাংশ সারচার্জ আরোপ, ই- সিগারেটের উপর কঠোর নিষেধাজ্ঞা আারোপ করাসহ বিড়ির উপর সম্পূরক শুল্ক আরোপের অনুরোধ জানিয়ে তা বাজেটে পাস করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ‘শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ন হবে, জ্ঞানের আলোয় মাদক দূরে রবে’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করেছে ঢাকা আহছানিয়া মিশন।
এ দিবস উপলক্ষে রোববার এক ভার্চুয়াল অলোচনায় সভায় বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মানসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় অংশ নেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যুগ্ন পরিচালক মু. নুরুজ্জামান শরীফ।
