২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: নদ-নদীর ৯ স্টেশনে পানি বিপদসীমার উপরে

উজানের ঢলে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 08:53 PM

Updated : 18 Aug 2022, 03:18 PM

শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

কেন্দ্র জানায়, নদ-নদীর ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের ৭৮টি পয়েন্টে পানি বেড়েছে। এর মধ্যে ৯টি স্টেশনের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে তিন দিন ধরে। আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আর লালমনিরহাট ও নীলফামারীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

বর্ষণ-ঢলে বন্যাকবলিত উত্তরের তিন জেলার নিম্নাঞ্চল  

ধরলা, তিস্তা, বহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদীর কুড়িগ্রাম, ডালিয়া, নুনখাওয়া, চিলমারী, ফুলছড়ি, বাহাদুরাবাদ, কানাইঘাট, সুনামগঞ্জ ও লরেরগড় পানি পর্যবেক্ষণ স্টেশনে বিপদসীমার উপরে পানি বয়ে যাচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যমুনা নদীর সারিয়াকান্দি, সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে; উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি স্টেশনে পানি বিপদসীমার উপরে বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার কুমিল্লা অঞ্চলসহ, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী  (> ৮৯মিমি ) বৃষ্টিপাত হতে পারে।