২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুরক্ষা পোশাক নিয়েও বিড়ম্বনায় পুলিশ

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর মহামারী মোকাবেলার লড়াইয়ে সামনে থাকা পুলিশের সুরক্ষা সামগ্রীর অপ্রতুলতার কথা উঠে আসছিল শুরুতেই; এখন কিছু পাওয়া গেলেও তা পরিমাণে কম, দায়িত্ব পালনের সময় সেটাও ফেলছে নতুন বিড়ম্বনায়।

লিটন হায়দার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 11:29 AM

Updated : 10 Oct 2022, 07:14 PM

মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, এই গরমের মধ্যে ভারী পোশাক নিয়েও তাদের ভুগতে হচ্ছে। গরমে ঘেমে অসুস্থও হয়ে পড়ছেন।

পুলিশের পোশাক এমনিতেই তুলনামূলক ভারী; ভাইরাস সংক্রমণ এড়াতে তার সঙ্গে যোগ হয়েছে পিপিই, ফেইস শিল্ড; মুখে মাস্ক ও হাতে গ্লাভস তো রয়েছেই।

বিজয় সরণি মোড়ে কর্তব্যরত সার্জেন্ট শফিউল্লাহ ও সার্জেন্ট আজমিরী বলেন, পিপিই পরে রোদে দাঁড়িয়ে দায়িত্বপালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। ঘাম শরীরে শুকিয়ে ঠাণ্ডা লেগে যাচ্ছে। গরমে হিট স্ট্রোকের আশঙ্কার কথাও ঊর্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন তারা।

মঙ্গলবার রাজধানীর আসাদ গেইট, ফার্মগেইট, বাংলামোটর, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবলদের সঙ্গে কথা বলে একই ভাষ্যই পাওয়া গেছে।

বিজয় সরণিতে মাস্ক পরা অবস্থায় সামাজিক দূরত্ব রেখে কথা বলার ফাঁকে রাস্তার মধ্যে একটি সমস্যা দেখে দ্রুত ফেইসশিল্ড পরে দৌড় দেন সার্জেন্ট আজমিরী।

এই ফাঁকে শফিউল্লাহ বলেন, হ্যান্ড গ্লাভস পরার চেয়ে তারা ঘনঘন হাত ধোয়ার উপর গুরুত্ব দিচ্ছেন। পাশে হাত ধোয়ার ব্যবস্থাও দেখা যায়।

শফিউল্লাহ জানান, তারা একবারই ১০/১২টা করে মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ডগ্লাভস পেয়েছেন। পিপিই পেয়েছেন একটা। প্রায় ৮/১০ ঘণ্টা ‘ডিউটি’কালে এসবই ঘুরে ফিরে ব্যবহার করতে হয়।  

ট্রাফিক কনস্টেবলরা জানান, দায়িত্ব পালনের সময় দীর্ঘক্ষণ পিপিই পরে থাকলে যেমন গরম লাগে, আবার সারাক্ষণ মাস্ক পরে থাকাও অস্বস্তিকর।

পুরো প্রায় ১০ ঘণ্টায় কেউ কেউ একটি মাস্কই পরে থাকেন। খাওয়ার সময়, নামাজের সময় পাশে খুলে রেখে কাজ শেষে আবার সেটাই পরেন।

বিজয় সরণি মোড়ে মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক ট্রাফিক কনস্টেবলকে দেখা গেছে শুধু কাপড়ের মাস্ক পরে দায়িত্ব পালন করতে।

তিনি বলেন, “আগে একটা পোশাক পরে দুইদিন ডিউটি করা যেত। অন্তত প্যান্ট ২/৩দিন পরা যেত। এখন প্রতিদিন কাপড় ধুতে হয়। খরচও বেড়ে গেছে।”

পিপিই ছাড়া আর সব কিছু দিয়ে নিজেকে ঢেকে ফার্মগেইটে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক কনস্টেবল মো. হালিমকে।

তিনি বলেন, “পিপিই রোদের মধ্যে বেশিক্ষণ পরে থাকা যায় না। ঘেমে যাই।”

ফার্মগেইটে কনস্টেবল মো. হালিমকেও দেখা যায় পিপিই ছাড়া অন্য সুরক্ষা সামগ্রী পরে দায়িত্ব পালন করতে।

বাংলামটরে কনস্টেবল গাজীউর রহমানকে পিপিই পরা অবস্থায় দেখা গেলেও কোমর অবধি ছিল চেইন খোলা।

তিনি বলেন, মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী একবারই পেয়েছেন। ধুয়ে বারবার তা পরেন।

আসাদ গেইটের দায়িত্বপালনরত ট্রাফিক কনস্টেবল রমিজ উদ্দিনের মাস্ক ও ফেইসশিল্ড পরা থাকলেও মাস্কটি ছিল বেশ ময়লা।

তিনি বলেন, “আমরা একবারই ৬/৭টি মাস্ক পেয়েছি। আর পিপিই একটি পেলেও তার পুরো আট ঘণ্টা পরে থাকা যায় না। ঘেমে সর্দি-কাশি হয়েছিল একবার।”

করোনাভাইরাসে আক্রান্ত কয়েক হাজার পুলিশ সদস্যের মধ্যে অধিকাংশই কনস্টেবল; তার মধ্যে আবার ট্রাফিক কনস্টেবল বেশি।

এদের মধ্যে অনেকে সুস্থ হয়ে কাজেও ফিরেছেন। এমনই একজন মাহমুদুল হাসান।

টানা ২২দিন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬/৭ দিন বিশ্রাম নিয়ে সপ্তাহখানেক আগে কাজে ফেরেন তিনি।

কাকরাইল মোড়ে দায়িত্বপালনকালে তিনি বলেন, এখন বেশ শক্তি পাচ্ছি। কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না।

মাহমুদুলের মুখে মাস্ক, ফেইস শিল্ড থাকলেও গ্লাভস, পিপিই পরা ছিল না।

চিকিৎসকরা সুরক্ষা সামগ্রী পরিচ্ছন্ন রাখার উপর জোর দিচ্ছেন, নইলে আক্রান্তের ঝুঁকি থেকে যায়।

শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালের উপ পরিচালক ডা. আবু রায়হান বলেন, সাধারণ মাস্ক ৫ থেকে ৬ ঘণ্টার বেশি ব্যবহার করা উচিৎ নয়, স্বাস্থ্য ঝুঁকি থাকে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক অবশ্য দাবি করেছেন, মাস্কসহ সুরক্ষা সামগ্রীর ‘কোনো ঘাটতি নেই।’ কর্তব্যকালে পুলিশ সদস্যরা যাতে আক্রান্ত না হন, তার উপর তারা সর্বোচ্চ জোর দিচ্ছেন।

পিপিই পরে দায়িত্ব পালনে সমস্যার বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গরমের মধ্যে রাস্তায় পিপিই পরে দায়িত্ব পালন করতে গেলে অসুস্থ হতে পারে। ডাক্তারাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন।”

বিষয়টি নিয়ে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাফিক পুলিশের পিপিই পরা জরুরি নয়। মাস্ক পরতে হবে। সার্জিক্যাল মাস্ক হলে ভালো।

“আর যেখানে দায়িত্ব পালন করবে, সেখানে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, যেন নিয়মমত হাত ধোয়া যায়।”

তবে কোনো আসামিকে জাপটে ধরে গ্রেপ্তার করার প্রয়োজন পড়লে তখন পিপিইসহ প্রয়োজনীয় সব ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখার ওপর জোর দেন তিনি।