২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাবাজার অবরুদ্ধ থাকবে ২১ দিন

করোনাভাইরাসের বিস্তারের কারণে ঝুঁকিপূর্ণ অঞ্চল বা রেড জোন হিসেবে চিহ্নিত ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় ২১ দিন ‘লকডাউন’ চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 05:24 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

মঙ্গলবার রাজাবাজার এলাকায় সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ১৪ দিনের লকডাউনের যে মেয়াদ ছিল আজ রাত (মঙ্গলবার) ১২টায় তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।

“যে এলাকায় লকডাউন করব, সেখানে ২১ দিন লকডাউন রাখতে হবে। কাজেই আমরা এই এলাকাকে ২১ দিন পর্যন্ত লকডাউন রাখব।”

২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে লকডাউনে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখন শনাক্ত রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে সার দেশকে লাল, হলুদ ও সুবজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে গত ৯ জুন মধ্যরাত থেকে ঢাকার প্রথম এলাকা হিসেবে পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের কার্যক্রম শুরু হয়। 

বিধিনিষেধের কারণে ওই এলাকার বাসিন্দারা বাইরে যেতে পারছেন না এবং বাইরের কেউ সেখানে প্রবেশ করতে পারছেন না। সব ধরনের দোকান-পাট এবং যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে কেনা যাচ্ছে। যাদের অনলাইন সুবিধা নেই তাদের জন্য দুই-একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যান জীবাণুমুক্ত করে ওই এলাকায় পাঠানো হচ্ছে।

অবরুদ্ধ পূর্ব রাজাবাজারে মানুষকে ঘরে রাখার চেষ্টার মূল কাজটি করছে থানা পুলিশ। লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা সদস্যরাও মাঠে রয়েছেন।

রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় বিধিনিষেধ কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান মেয়র আতিকুল ইসলাম।

‘সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা’

‘সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা’ কার্যক্রমের উদ্বোধন করে মেয়র বলেন, গৃহস্থালি বর্জ্যের সাথে ব্যবহৃত মাস্ক, গ্লাভসের মত সংক্রমণের ঝুঁকিপূর্ণ বর্জ্য মেশানো হলে আগামী ৭ জুলাই থেকে বাসাবাড়ির সেই বর্জ্য সংগ্রহ করা হবে না।

“অনেকেই গৃহস্থালি বর্জ্যের সাথে সংক্রামক বর্জ্য বা কোভিড বর্জ্য এক সাথে মিশিয়ে ফেলছে। এটি জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। কোভিড বর্জ্য বা সংক্রামক বর্জ্য যাতে গৃহস্থালি বর্জ্যের সাথে মেশানো না হয় সেদিকে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।”

মেয়র জানান, সংক্রামক বর্জ্য পৃথকভাবে রাখার জন্য ডিএনসিসি বিভিন্ন বাসাবাড়িতে তিন লাখ ব্যাগ বিনামূল্যে বিতরণ করবে। পরে নগরবাসীকে নিজ উদ্যোগে ব্যাগ কিনে সংক্রামক বর্জ্য সংরক্ষণ করতে হবে। ব্যবহৃত মাস্ক, গ্লাভসসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী যত্রতত্র না ফেলে ওই ব্যাগে সংরক্ষণ করত হবে।

“ডিএনসিসির কর্মীরা প্রতি শনিবার এবং মঙ্গলবার এ সংক্রামক বর্জ্য সংগ্রহ করবে। সংক্রামক বর্জ্য সংগ্রহ করে প্রতিটি অঞ্চলের একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এনে রাখা হবে। সেখান থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাতুয়াইলে স্বাস্থ্যসম্মতভাবে ডিসপোজাল করা হবে।”

পুরনো খবর:

রাজাবাজারে ‘লকডাউন’ বাস্তবায়নে সেনা সদস্যরাও
লকডাউনের পর রাজাবাজারে আরও ২৯ রোগী শনাক্ত