২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের পর রাজাবাজারে আরও ২৯ রোগী শনাক্ত

করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ঢাকার পূর্ব রাজাবাজারে অবরুদ্ধ অবস্থা তৈরির পর নতুন ২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 06:48 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

তবে এই সময়ে নমুনা পরীক্ষাও বেড়েছে এলাকাটিতে। অন্য সব এলাকার বাসিন্দারা যখন হিমশিম খাচ্ছেন নমুনা পরীক্ষা করাতে, সেখানে এই ‘রেড জোনে’র বাসিন্দারা এলাকার মধ্যেই একটি বুথ পেয়েছেন।

গত ৯ জুন মধ্যরাতে পূর্ব রাজাবাজার যখন ‘লকডডাউন’ হয়েছিল, তখন এলাকাটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩১ জন।

গত নয় দিনে আরও ২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, যিনি এখন অবরুদ্ধ এলাকাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন।

ইরান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই এলাকায় বর্তমানে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত। শুরুতে ছিল ৩১ জন অর্থাৎ এই কয়দিনে আরও ২৯ জন নতুন আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ২০ সুস্থ হয়েছে এবং একজন মারা গেছেন বলে জানান তিনি।

ইরান বলেন, “লকডাউন কড়াকড়ি হয়েছে, তা না করলে রোগীর সংখ্যা আরও বাড়ত।”

আক্রান্ত রোগীদের চিহ্নিত করে তারা কাদের সংস্পর্শে ছিল এবং কোথায় গিয়েছে, তার তদারকিতে ২০ জনের একটি দল কাজ করছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর।

কাউন্সিলরের কাছে এই তথ্য মিললেও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে রাজাবাজার এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবারও ৩৩ দেখানো হচ্ছিল।

রাজাবাজারের নাজনীন স্কুলে নমুনা সংগ্রহের বুথ বসিয়েছে ব্র্যাক। স্থানীয়রা সেখানে গিয়ে ভোগান্তি ছাড়াই নমুনা দিতে পারছেন।

ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিনে ১৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। তবে পরীক্ষা করার বুথ স্থাপন করলে সঙ্গে সঙ্গে পরীক্ষার পর ফল পাওয়া যেত।

নমুনা কেন্দ্রের মোবাইল নম্বরটি এলাকায় লিফলেট আকারে বিলি করার পরামর্শ দিয়েছেন ডা. ফারহানা।

তিনি বলেন, “নমুনা সংগ্রহ করার নম্বরটি মাইকে ঘোষণা করা হয়েছে। তাই যিনি নমুনা দেবেন তিনি সমস্যায় পড়েন, মাইকে ঘোষণার সময় নম্বরটি ঠিকমতো লিখে রাখতে পারছেন না বলে। তাই নম্বরটি লিফলেট আকারে দিলে ভালো হয়।”

নমুনা সংগ্রহ করার করার জন্য চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ওই এলাকায় সেনাবাহিনীর টহল ছাড়াও কাউন্সিলরের প্রতিনিধি, সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, থানার প্রতিনিধি, আইইডিসিআরের প্রতিনিধি কাজ করছেন।

Image
এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনায় ঢাকার প্রথম এলাকা হিসেবে পূর্ব রাজাবাজারের গলিপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

এলাকাভিত্তিক লকডাউনের পরিকল্পনায় ঢাকার প্রথম এলাকা হিসেবে পূর্ব রাজাবাজারের গলিপথ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাস পুরো দেশ লকডাউনের পর এখন সংক্রমণ প্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো অবরুদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

পরীক্ষামূলকভাবে প্রথম লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। এলাকাটিতে ৫০ হাজারের মতো মানুষের বসবাস; সেখানে ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার।

লকডাউনে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের গলি, গীর্জা গলি, ইন্দিরা রোড মসজিদ গলি, বৌবাজার গলি, পূর্ব রাজাবাজারের সাথে পশ্চিম রাজাবাজারের সংযোগ গলি, আলিফ অ্যাম্বুলেন্স গলি, ডা. কবির চৌধুরী চেম্বার গলি এবং তেজগাঁও কলেজ ছাত্রাবাসের পাশের গলি বন্ধ রয়েছে।

জরুরি প্রয়োজনে শুধু নাজনীন স্কুলের গলি দিয়ে চলাচলের সুযোগ রয়েছে আর জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার ২০০ স্বেচ্ছাসেবক রয়েছে।

পূর্ব রাজাবাজার এখন যেমন

অবরুদ্ধ পূর্ব রাজাবাজারে মানুষকে ঘরে রাখার চেষ্টার মূল কাজটি করছে থানা পুলিশ।

শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুতে একটু সমস্যা ছিল। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে এসেছে। এখন জনগণও বুঝতে পারছে।”

অপ্রয়োজনে বের হওয়ার একটি প্রবণতা রয়েছে, যা ঠেকানোই সমস্যা পুলিশ সদস্যদের কাছে।

পুলিশ কর্মকর্তা জানে আলম বলেন, “আবদ্ধ থাকতে কেউ চায় না, বাঙালি আড্ডা প্রিয় তো তাই … তারপরও পুলিশ সাধ্যমত চেষ্টা করছে।

“গলিগুলোর চারিদিকে নজরদারি ছাড়াও ভেতরে তিনটি পেট্রোল টিম কাজ করে এবং দেখছে অলিগলিতে কেউ আড্ডা মারছে কি না।”

এই কদিনে কাউকে আটক বা শাস্তি দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “তা করা হয়নি। পুলিশ নরম ও গরম- ব্যালেন্স করে ডিউটি দিচ্ছে। কঠোরতার সঙ্গে মানবিক দিকটাও লক্ষ্য রাখছে।”

ঢোকা ও বের হওয়ার জন্য উপর মহল দিয়ে তদবির করানোও হচ্ছে বলে জানান দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা।

মহিউদ্দিন নামে ওই এলাকায় একজন বাসিন্দা বলেন, “করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। যেহেতু এই প্রকোপ থামনো যাচ্ছে না। তাহলে আমাদেরকে শুধু শুধু বন্দি করে রাখা হচ্ছে কেন?

আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। আমাদের ছেড়ে দেওয়া হোক।”

বেসরকারি চাকরীজীবীদের প্রথম প্রথম সমস্যা হয়েছিল। এখন সেই সমস্যা নেই বলে জানান আমতলার বাসিন্দা গোলাম মুর্তজা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জামাতা সেলিম রেজা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছে এবং বাসায় থেকেই অফিস করছে।”

গত নয় দিনে বাসা থেকে নেমেছেন কি না- জানতে চাইলে মুর্তজা বলেন, “বিদ্যুৎ কার্ডে টাকা ভরার জন্য নেমেছিলাম কিন্তু বাহিরে যেতে হয়নি। একজন লোক করিয়ে এনেছে।”

পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মসজিদের নামাজ পড়ানো হচ্ছে। অতিরিক্ত কাউকে আসতে দেওয়া হচ্ছে না।

একজন নারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেতরে যেসব খাবার সরবরাহ করা হয়। সেসব খাবার বা পণ্যের দাম অনেক বেশি।

“যাদের টাকা আছে তারা কিনতে পারে, কিন্তু আমরা যাব কোথায়? আর মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু একটা রাখা উচিৎ।”

Image
কোভিড-১৯ রোগীর সংখ্যা বেশি হওয়ায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা। কেউ প্রবেশ ও বের হতে পারবেন না, তাই অনেককেই দেখা যায় ভেতরে থাকা স্বজনদের জন্য বাইরে থেকে বাজার কিনে দিতে।

কোভিড-১৯ রোগীর সংখ্যা বেশি হওয়ায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে ঢাকার পূর্ব রাজাবাজার এলাকা। কেউ প্রবেশ ও বের হতে পারবেন না, তাই অনেককেই দেখা যায় ভেতরে থাকা স্বজনদের জন্য বাইরে থেকে বাজার কিনে দিতে।

পণ্যের বেশি দামের কথা স্বীকার করে শেরে বাংলানগর থানা আওয়ামী লীগের সভাপতি সাব্বির হোসেন মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম তিন দিন বিভিন্ন আউটলেট খাবার সরবরাহ করেছিল। আমরা মনে করেছিলাম তাদের খাবারের দাম সহনীয় থাকবে কিন্তু অভিযোগ পাওয়ার পর থেকে ভেতরে আট থেকে দশটি ভ্যান ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আর দামের সমস্যা নেই।”

গোলাম মুর্তজা বলেন, “শুরুতে একটু এলোমেলো ছিল। তবে এখন একটা শৃঙ্খলার মধ্যে এসেছে।”

রাজাবাজার লকডাউনের অভিজ্ঞতার আলোকে অন্য এলাকা অবরুদ্ধ করতে চাইলে কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ- জানতে চাইলে ওসি জানে আলম বলেন, এলাকায় মানুষের কাছে সবার আগে সঠিক তথ্য তুলে ধরতে হবে এবং কে কে বের হতে পারবেন এবং কারা পারবেন না, কারও কিছু প্রয়োজন হলে কার সঙ্গে যোগাযোগ করবেন, কোন প্রয়োজনে কার সঙ্গে যোগাযোগ করবেন, তা স্পষ্ট করে জানাতে হবে।

“নম্বরসহ প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। মোট কথা, মৌলিক চাহিদা মেটাতে হবে। আর আরেকটা হিসেব করতে হবে যে, লকডাউন এলাকায় টাকা দিয়ে পণ্য কেনার সামর্থ্য আছে কয়জনের, মধ্যবিত্ত পরিবার কয়টি, গরিব পরিবার কয়টি, তা হিসাব করে সে অনুযায়ী প্রস্তুত থাকবে হবে।”

“শতভাগ সফল হতে হলে জনগণকে অবশ্যই সম্পৃক্ত হতে হবে। তাদের একটু কষ্ট মেনে নিতে হবে। তাহলে সবই সম্ভব,” বলেন এই পুলিশ কর্মকর্তা।