পানির বাড়তি দাম আদায়ে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ পায়নি ওয়াসা
পানির বাড়তি দাম আদায়ে হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে ওয়াসার আবেদনে কোনো আদেশ না দিয়ে ৩০ জুন ফের শুনানির জন্য রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল আদালত মঙ্গলবার আবেদন শুনানির পর এ আদেশ দেন।
ওয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম, রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক।
মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াসার আবেদনের উপর আজকে শুনানি হয়েছে। জজ সাহেব বললেন যে, উনার নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আইনটা ভালভাবে দেখবেন তিনি। আগামী ৩০ জুন আবার শুনানি হবে।”
আইনজীবী অনীক আর হক বলেন, “মাননীয় চেম্বার বিচারপতি ওয়াসার আবেদনে আজ কোনো আদেশ দেননি। আগামী ৩০ জুন আবার শুনানির জন্য রেখেছেন। তার মানে হলো হাই কোর্টের আদেশটিই বহাল আছে। ওয়াসা বাড়তি দাম আদায় করতে পারবে না।”
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের জনস্বার্থে করা রিট আবেদনে শুনানির পর হাই কোর্ট সোমবার ওয়াসার পানির বাড়তি দাম আদায়ে ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়।
দুপুরে এ আদেশের পর বিকেলেই তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ওয়াসা।
গত ১৫ জুন দাখিল করা রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ ছয় জনকে বিবাদি করা হয়।
সে আবেদনে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২(৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২(৩) ধারাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছিল।
স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
সেখানে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।
আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।
একইভাবে আবাসিক সংযোগে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম ৯ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
অর্থাৎ আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ঢাকায় পানির দাম ২৪ দশমিক ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ২৫ শতাংশ বাড়ছে। আর বাণিজ্যিক সংযোগে ঢাকায় ৭ দশমিক ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে পানির।
গত ১ এপ্রিল থেকে অফিস আদেশটি কার্যকর হয়।
এর আগে গত বছর ১ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো হয়। সে সময় ঢাকায় আবাসিক সংযোগে পানির দাম বাড়ে ১০ শতাংশের মত।
