২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির বাড়তি দাম আদায়ে নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে চেম্বার আদালতে ওয়াসা

ওয়াসার পানির জন্য ২৫ শতাংশ হারে বাড়তি দাম আদায়ের ওপর হাই কোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2020, 07:22 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

মঙ্গলবার বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালতে আবেদনটির শুনানি হবে বলে ওয়াসার কৌসুঁলি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন।

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আমরা আবেদন করেছি। সেখানে হাই কোর্টের আদেশটি স্থগিত চাওয়া হয়েছে।”

এর আগে দুপুরে বাড়তি দাম বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জনস্বার্থে করা রিটের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ ওয়াসার পানির জন্য ২৫ শতাংশ হারে বাড়তি দাম আদায়ের ওপর ১০ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দেয়।

আদেশের পর মাহবুবে বলেন, “১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা পানির দাম ২৫ শতাংশ বাড়িয়েছিল, সে সিদ্ধান্তটি আগামী ১০ আগস্ট পর‌্যন্ত স্থগিত করে দিয়েছে দিয়েছে হাই কোর্ট।”

১০ আগস্ট পর‌্যন্ত কেন জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “কোর্ট হয়তো আশা করছে এর মধ্যেই কোর্ট খুলতে (নিয়মিত কোর্ট চালু হতে পারে) পারে।”

তবে এ আদেশের বিরুদ্ধে ওয়াসা আপিল বিভাগে আবেদন করবে বলে তখনই জানিয়েছিলেন ওয়াসার আইনজীবী মাহবুবে আলম; যিনি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

এদিকে রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ বলেছেন, বাড়তি দামের সিদ্ধান্ত কোর্ট স্থগিত করেনি, নিষেধাজ্ঞা দিয়েছে। আবেদনের আরজিতেও তাই ছিল।

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালত শুনানির পর বাড়তি দাম আদায়ে ১০ আগস্ট পর‌্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন। রিট আবেদনেও আমি তাই চেয়েছি। এ নিষেধাজ্ঞার ফলে গ্রাহকের কাছ থেকে বাড়তি দাম যেটা ২৫ শতাংশ বাড়িয়েছে সেটা আর নিতে পারবে না।”

আদালত কি বলেছে জানতে চাইলে আইনজীবী তানভীর আহমেদ বলেন, “ওয়াসার আইনজীবীর বক্তব্য শোনার পর আদালত বলেছেন, এরকম একটা মাহামরী পরিস্থিতির মধ্যে বাড়তি দামটা আপনারা প্রয়োগ করেছেন। আগামী ১০ আগস্ট পর‌্যন্ত এই সিদ্ধান্তের উপর নিষেধাজ্ঞা দিলাম।”

গত ১ এপ্রিল থেকে তো এই দাম কার‌্যকর হওয়ার পর গত দুই মাস যে বাড়তি টাকা গুনতে হয়েছে গ্রাহককে সেটির কি হবে, জানতে চাইলে রিটকারী এ আইনজীবী বলেন, “যেটা নিয়েছে, নিয়েছেই। এখন আর নিতে পারবে না।”

গত ১৫ জুন দাখিল করা রিট আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ ছয় জনকে বিবাদি করা হয়েছি।

সে আবেদনে পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২(৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২(৩) ধারাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, মর্মে রুল চাওয়া হয়েছিল।

স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

সেখানে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

একইভাবে আবাসিক সংযোগে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম ৯ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

অর্থাৎ আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ঢাকায় পানির দাম ২৪ দশমিক ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ২৫ শতাংশ বাড়ছে। আর বাণিজ্যিক সংযোগে ঢাকায় ৭ দশমিক ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে পানির।

গত ১ এপ্রিল থেকে অফিস আদেশটি কার‌্যকর হয়।

এর আগে গত বছর ১ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার পানির দাম বাড়ানো হয়। সে সময় ঢাকায় আবাসিক সংযোগে পানির দাম বাড়ে ১০ শতাংশের মত।