২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট অধিবেশন: এমপিদের কোভিড-১৯ পরীক্ষা শুরু

বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2020, 11:13 AM

Updated : 18 Aug 2022, 03:16 PM

সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিজেও শনিবার নমুনা দিয়েছেন।

“আমরা সংসদ সদস্যদের আহ্বান করেছি। তারা সাড়া দিচ্ছেন। বাজেট অধিবেশনের বাকি দিনগুলোতে যারা অংশ নেবেন, তাদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”

সংসদ সচিবালয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এখন পর্যন্ত ১৪ জন আইনপ্রণেতার করোণাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়ে উঠেছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন।

আক্রান্তদের মধ্যে আছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং,  ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামের বোয়ালখালী-চান্দগাঁও আসনের মোছলেম উদ্দিন আহমদ, যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের রণজিৎ কুমার রায়, ব্রাহ্মণবাড়িয়ার এবাদুল করিম বুলবুল, জামালপুরের ফরিদুল হক খান, চট্টগ্রামের মোস্তফিজুর রহমান চৌধুরী, নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবং গণফোরাম নেতা মোকাব্বির খান।

এছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অধিবেশন শুরুর আগে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নির্ধারিত সংসদ সদস্যদে করোনাভাইরাস পরীক্ষার বিষয়টি আলোচনা হয়। তবে তখন তা আর এগোয়নি।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং গণফোরামের মোকাব্বির খান আক্রান্ত হওয়ার ফলাফল আসার আগে সংসদে গিয়েছিলেন। এরপর সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষা করার বিষয়টি আলোচনায় আসে।

ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যারা সংসদের বৈঠকে অংশ নেবেন তাদের পরীক্ষা হয়ে গেলে বাকিদেরও পরীক্ষা করানো হতে পারে।”

মহামারীকালে বাজেট পাসের জন্য সংসদের অধিবেশন ডেকে তা ১২-১৫ দিন চালানোর সিদ্ধান্ত নিলেও তা আরও সংক্ষিপ্ত করা হচ্ছে।

সব মিলিয়ে এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ হতে পারে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।

পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের উপর আলোচনা হবে তিন দিন ২৩, ২৪ ও ২৯ জুন। ৩০ জুন বাজেট পাসের পর জুলাই মাসে হয়ংতো একদিন সংসদের বৈঠক হতে পারে।

প্রতি বছর জুন মাসজুড়ে বাজেট অধিবেশন চলার পর তা জুলাইয়েও প্রলম্বিত হয়। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বাজেট অধিবেশন বসেছে স্বল্প সংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে। সাংবাদিক কিংবা অতিথিদেরও ঢোকার সুযোগ নেই। সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু ব্যবস্থা।

সংসদ সদস্যদের বসার ব্যবস্থা হয়েছে দূরত্ব বজায় রেখে। মাস্ক ও গ্লাভস পরে তারা অধিবেশনে যোগ দিয়েছেন। কোরাম ঠিক রেখে প্রতিদিন ৮০-৯০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। হুইপরা তালিকা করে তাদের সংসদ সদস্যদের সংসদে আসতে বলছেন।

বয়ঃজ্যেষ্ঠ সংসদ সদস্যদের সংসদের বৈঠকে সুযোগ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

অধিবেশন কক্ষে দায়িত্বরত কর্মচারীরাও মাস্ক, গ্লাভস ও মাথা ঢেকে কর্তব্য পালন করেছেন। স্পিকারের আসনের নিচে কর্তব্যরত কর্মকর্তার সংখ্যাও কমানো হয়েছে।

পুরনো খবর:

বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত হচ্ছে
বাজেটের দিন অন্য সংসদ