২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৩০ বছরে অনেক আন্দোলন দেখেছি, এ রকম পরিস্থিতি দেখিনি’

হাজার হাজার মানুষের বিচরণে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফুটপাতে খাবার, চা-বিস্কুট, ফলমূল বিক্রি করে সংসার চালান অনেক মানুষ, যাদের এখন কোনো রকম খেয়ে-পরে টিকে থাকাই দুরূহ হয়ে পড়েছে।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 09:14 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

‘এভাবে জীবন তো আর চলে না’ জানিয়ে এই পরিস্থিতি কবে শেষ হবে, সেই অপেক্ষায় দিন পার করছেন তারা।

গত মার্চের প্রথম দিকে বাংলাদেশে নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই বাইরে মানুষের চলাচল সীমিত হতে থাকে। ওই মাসের শেষ দিক থেকে টানা দুই মাসের লকডাউনে বন্ধ হয়ে যায় বাইরের সব ধরনের কর্মকাণ্ড। এরপর বিধি-নিষেধ উঠলেও মানুষ নিজেদেরই গুটিয়ে নিয়েছেন, সেই পুরনো চেহারায় ফেরেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে ডাব বিক্রি করা আইয়ুব আলী, ক্যাম্পাসে ঘুরে ঘুরে ফ্ল্যাক্সে করে চা ও বিস্কুট বিক্রি করা নজরুল ইসলাম এবং হাই কোর্ট গেইটের কাছে ভ্যানে করে ভাত বিক্রেতা আলো বেগম ও নার্গিসদের কণ্ঠে তাই রাজ্যের হতাশা।

আলো বেগম হাই কোর্ট মাজার গেইট এলাকায় গত ৩০ বছর ধরে ভ্যানে করে ভাত, ডিম, মাছ ও ডাল বিক্রি করে সংসার চালাতেন।

দুপুরে রিকশাচালক থেকে শুরু করে দিনমজুর এসে তার রান্না করা খাবার খেতেন অল্প টাকায়। প্রতিদিন চার থেকে পাঁচশ টাকা আয় হত তার। এখন সেই আয় নেমেছে শূন্যের কোটায়।

আলো বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামী থেকেও নেই। ছোট ছোট চারটা বাচ্চাকে বড় করেছি এই ভ্যান গাড়ির উপর এখানে ভাত বিক্রি করে।”

ছোটবেলা থেকেই পুরান ঢাকায় বসবাসকারী আলো বলেন, “গত ৩০ বছরে অনেক ঝড় ঝাপটা গেছে, অনেক আন্দোলন দেখেছি এখানে বসে বসে অনেক মিছিল দেখেছি, ধাওয়া-পাল্টা ধাওয়া দেখেছি কিন্তু এমন পরিস্থিতিতে কখনও পড়িনি।

“এভাবে চললে সামনে বাঁচার আর কোনো পথ থাকবে না।”

গত সাত বছরে ধরে একই এলাকায় ভ্যানগাড়িতে ভাত বিক্রি করেন নার্গিস। মতিঝিলের একটি কলোনিতে ৯ হাজার টাকায় ভাড়া থাকেন স্বামী আরিফুল হক ও দুই ছেলেকে নিয়ে।

তাদের দুই ছেলে মাদ্রাসায় পড়ে জানিয়ে নার্গিস বলেন, “স্বামী একটি কোম্পানিতে নিরাপত্তা প্রহরীর চাকরি করলেও সংসারটা আমার ভাত বিক্রির আয়ের উপরই নির্ভরশীল ছিল।

“আগে ১৫ কেজি চালের ভাত এনে এখানে বিক্রি করতাম, কিন্তু এখন পাঁচ কেজি চালের ভাত এনে বিক্রি করতে পারছি না।”

এক প্লেট ভাত-ডিম ৩০ টাকা, আর মাছ দিয়ে ৪০ টাকায় বিক্রি করেন নার্গিস।

সামনের দিনগুলো নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে তিনি বলেন, “আগে পাঁচ থেকে ছয়শ টাকা লাভ হত, কিন্তু এখন লাভের মুখ দেখছি না। এভাবে চলতে থাকলে সামনে অন্ধকার দেখছি। কী করবো ভেবে পাচ্ছি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ এলাকায় ভ্যান গাড়িতে ডাব বিক্রি করা আইয়ুব আলীর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়।

ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের একটি হলে ‘ছোট পদে’ চাকরি করার সুবাদে এখানে এসে ডাব বিক্রি করার সুযোগ পেয়েছেন তিনি।  রাতে চারুকলার সামনের ছবিঘরের পাশে পানির পাম্পের কাছে ঘুমান, ভ্যানগাড়িও রাখেন সেখানে।

বর্তমানের দুরবস্থার কথা তুলে ধরে আইয়ুব আলী বলেন, “ঢাকা শহরে থাকছি বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। তারপরও ফুটপাতে ডাব বিক্রি করে এখন আর আয় করতে পারছি না।

“স্যার এই মহামারী কোন দিন যাবে? জীবন যে আর চলছে না।”

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের নজরুল ইসলাম থাকেন কামরাঙ্গীরচরের পাকাপুল এলাকায়। ফ্লাক্সে ভরে চা ও বিস্কুট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্রি করে ছয়জনের সংসার চালাতেন তিনি। গত আট বছর ধরে এভাবেই চলছিল তার জীবন।

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে প্রতিদিন ছয় থেকে সাতশ টাকা রোজগার হত, এখন দুইশ টাকাও হচ্ছে না।”

ছিন্নমূল এসব শ্রমজীবী মানুষের দুঃখের সাক্ষী পুলিশও।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই এলাকায় মানুষের চলাচল আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। ওই সমস্ত দোকানে সাধারণত রিকশাচালক, ভ্যানচালক ও দুঃস্থ মানুষ খেত।

“এখন তো মানুষই নেই, খাবে কে? ওদের জীবনও দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে।”