২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মৃত্যুতে কূটনীতিকদের শোক

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 05:53 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

ক্ষমতাসীন দলের প্রয়াত এই সভাপতিমণ্ডলীর সদস্যের পরিবারের প্রতি পাঠানো বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে রোববার নাসিমের পরিবারের কাছে শোকবার্তা পাঠান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।

শোকবার্তায় তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং সর্বশেষ খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালনকালে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য মোহাম্মদ নাসিম স্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ টেলিফোনে শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকালে মারা যান আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে ষষ্ঠবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে বিভিন্ন মেয়াদে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি।

এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন নাসিম। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন তিনি।

পুরনো খবর:

মোহাম্মদ নাসিম আর নেই