২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 12:55 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়।

“তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।”

অধ্যাপক জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, “তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।”

গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।