ফ্লয়েড হত্যা: বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে বাংলাদেশ থেকে বিবৃতি
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ২৬ জন লেখক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
মঙ্গলবার দেওয়া এই বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রে গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে এ হত্যাকাণ্ডের জন্য দোষি পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, মুহম্মদ নূরুল হুদা, অনুপম সেন, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, ইনামুল হক, মামুনুর রশীদ, হাবীবুল্লাহ সিরাজী, মফিদুল হক, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ, আহকাম উল্লাহ, রাজু আলাউদ্দিন, তারিক সুজাত ও তারানা হালিম।
গত ২৫ মে ৪৬ বছর বয়সী ফ্লয়েডকে গ্রেপ্তারকালে তার ঘাড়ে হাঁটু দিয়ে প্রায় নয় মিনিট রাস্তার সঙ্গে চেপে ধরে রাখেন এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এ ঘটনার পর অচেতন ফ্লয়েডকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ফ্লয়েডের মৃত্যুর পর করোনাভাইরাস সঙ্কটের মধ্যেও তীব্র আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রে; বিশ্বের অন্য দেশেও তার সমর্থনে পথে নেমেছে মানুষ।
বাংলাদেশের লেখক-সংস্কৃতিকর্মীদের বিবৃতিতে বলা হয়, “যুক্তরাষ্ট্রের এ চেহারা নতুন নয়। কিন্তু একবিংশ শতাব্দীতে তা আরও প্রকট হয়ে উঠেছে। তার নগ্ন দৃষ্টান্ত শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড।
“আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতোই স্তম্ভিত ও ক্ষুব্ধ। রাষ্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মতো রুখে দাঁড়িয়েছে। গোটা বিশ্ব এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছি।”
এই আন্দোলনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানেরও নিন্দা জানানো হয় বিবৃতিতে।
“আমরা বিশ্বের সকল মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে বিশ্ব থেকে বর্ণবাদ, মৌলবাদ, বৈষম্য ও সাম্প্রদায়িকতা উৎখাতের আহ্বান জানাচ্ছি,” বলেন বিবৃতিদাতারা।
