২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ ভারতীয় নাবিক দেশে ফিরবেন ইউএস-বাংলার ফ্লাইটে

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বাংলাদেশ থেকে ৪৫ জন ভারতীয় নাবিক ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 02:05 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম বলেন, এসব ভারতীয় নাবিক চট্টগ্রামে অবস্থান করছেন। বুধবার ইউএস-বাংলার ফ্লাইটে তারা চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লি যাবেন।

“আটকেপড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতায় ফ্লাইটটি বুধবার ঢাকা থেকে সকাল ৯টায় রওনা হয়ে দিল্লির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে অবতরণ করবে বলে আশা করছি।”

৪৫ জন ভারতীয় নাবিকবে ফিরিয়ে নিতে সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাইভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ৭২ আসনের এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে বলে জানান কামরুল ইসলাম।

এর আগে মহামারীর মধ্যে বিভিন্ন সময়ে চেন্নাই ও ব্যাংককে আটকেপড়া তিন হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনার পাশাপাশি এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।