২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদ-মন্দিরের মাইক থেকে যাবে সচেতনতার বার্তা

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক থেকে এ সংক্রান্ত বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 11:37 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সোমবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশের কথা জানানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এতে বলা হয়, “প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সকল মসজিদে প্রতিদিন এবং জুমার খুতবার সময় মসজিদের মাইকে এবং অনুরূপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং অন্যান্য করণীয় সম্পর্কে প্রচারণা করা হলে সাধারণ জনগণ এ বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আরও সচেতন হবে।”

দেশের সর্বত্র মহামারী করোনাভাইরাস সংক্রমণ বিস্তার অব্যাহত রয়েছে উল্লেখ করে দেশের সব মসজিদের খতিব, ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে করোনাভাইরাস সংক্রমন রোধে নিম্নবর্ণিত ঘোষণা আবশ্যকীয়ভাবে প্রচারের জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়।

ঘোষণাগুলো হল-

>> আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীরাও মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন,

>> কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।

>> ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন।

>> অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।

>> হাঁচি-কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক মুখ ঢেকে রাখুন।

>> একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।

>> নিয়মিতভাবে পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।

>> করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোনো প্রকার লুকোচুরি করবেন না। করোনাভাইরাস আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যান।

>> করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি মানবিক আচরণ করুন।

>> নিয়মিত শরীর চর্চা অথবা শারীরিক পরিশ্রম করুন।

>> গুজব রটাবেন না, গুজবে কান দেবেন না এবং গুজবে বিচলিত হবেন না।

>> করোনাভাইরাস মহামারী সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।