২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত ৭৫০ জন, মৃত্যু ৫৫    

পুরান ঢাকায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৪ দিনে প্রায় চারশ বেড়েছে, মৃতের সংখ্যা বেড়েছে ২৫ জন।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 10:43 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

পুলিশের দেওয়া তথ্য অনুযয়ী, গত ১৭ এপ্রিল পুরান ঢাকার ১০ থানা এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৬২, আর মৃতের সংখ্যা ছিল ২০। ২৬ এপ্রিল মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪, আর আক্রান্তের সংখ্যা হয় ৩৭২ জন।

১৪ দিন পর রোববার সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিয়ে দেখা যায়, আক্রান্তের সংখ্যা ৭৫০, আর মৃত্যু হয়েছে ৫৫ জনের।

বাংলাদেশ কোভিড-১৯ রোগে যে ২২৮ জনের মৃত্যু হয়েছে, তার এক-চতুর্থাংশই পুরান ঢাকার বাসিন্দা।

দেশে মোট সাড়ে ১৪ হাজার আক্রান্তের মধ্যে প্রায় ৭ হাজার ঢাকা নগরীর বাসিন্দা্, তার মধ্যে ৭৫০ জন পুরান ঢাকার।

রাজধানীর ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় এত বেশি আক্রান্ত দেখে ওই এলাকার অনেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নয়াবাজার এলাকার বাসিন্দা মিন্টু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিন দিন এভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সামনে যে কী অপেক্ষা করছে!”

আলুবাজারের বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, “আজ দোকানপাট খুলেছে, এত মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করেছে যে আতঙ্কিত হওয়া ছাড়া উপায় ছিল না।”

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুলিশ পুরান ঢাকার হাজারের বেশি ভবন ‘লকডাউন’ করলেও রোগ ছড়ানো ঠেকানো যাচ্ছে না।

পুরান ঢাকায় নয়দিনে আক্রান্ত বেড়ে দ্বিগুণের বেশি

পুরান ঢাকার ইসকন মন্দিরের ৩১ জন আক্রান্ত

পুরান ঢাকায় এসির কম্প্রেসার বিস্ফোরণে একজনের মৃত্যু  

পুরান ঢাকার ১০টি থানা এলাকার মধ্যে প্রতিটিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গেণ্ডারিয়া থানা এলাকায় ১৮২ জন। চকবাজারে আক্রান্ত ৯৫ জন, কামরাঙ্গীরচরে ৯২ জন, কোতোয়ালিতে ৮৫ জন।

বংশাল থানায় এলাকায় ৭১ জন, ওয়ারীতে ৬১জন, লালবাগে ৪৫ জন, হাজারীবাগে ৩৮ জন, সূত্রাপুরে ৪১ জন, শ্যামপুরে ৪০ জন শনাক্ত হয়েছে।

সবচেয়ে বেশি রোগী মারা গেছে বংশালে ১১ জন। আটজন করে মারা গেছে গেণ্ডারিয়া ও চকবাজারে। ছয়জন করে মারা গেছে কোতোয়ালি, ওয়ারী ও সূত্রাপুরে।

এছাড়া অত্যন্ত ঘনবসতিপূর্ণ কামরাঙ্গীরচরে মারা গেছে চারজন। হাজারীবাগ, লালবাগ ও শ্যামপুরে মারা গেছে দুজন করে।

গেণ্ডারিয়ায় এলাকায় এত আক্রান্তের কারণ জানতে চাইলে ওই থানার ওসি মো. সাজু মিয়া বলেন, “আজগর হাসপাতালে এক রোগী মিথ্যা তথ্য দিয়ে ভর্তি হয়েছিল। তাই ওই হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে শতাধিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।”

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, তার থানা এলাকায় আ্ক্রান্ত ৯৫ জনের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য রয়েছেন।

রোববারও পুরান ঢাকায় বেশ কয়েকজন করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন সাতজন পুলিশ সদস্যসহ মোট ২৪ জন আক্রান্ত হয়েছেন। আগে আক্রান্তের সংখ্যা ছিল ৬৮ জন।

ওয়ারী থানার ওসি আজিজুল হক বলেন, আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ৫ মে থেকে আইইডিসিআর থেকে কোনো তথ্য পাচ্ছি না।

বংশাল থানার ওসি শাহীন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাইরাসের বিস্তার রোধে তিন শতাধিক ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে।

সূত্রাপুরেও কয়েকটি ভবন অবরুদ্ধ আছে বলে ওই থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান।

লালবাগ থানার পরিদর্শক আসলাম উদ্দিন জানান, সেখানে কয়েকটি এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে।