২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় নয়দিনে আক্রান্ত বেড়ে দ্বিগুণের বেশি

ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় বেড়েই চলছে নভেল কারোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত নয়দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।

কামাল তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 09:53 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

নতুন এই ভারজনিত কোভিড-১৯ এ গত ১৭ এপ্রিল পুরান ঢাকার দশ থানা এলাকায় মৃতের সংখ্যা ছিল ২০ আর আক্রান্ত ছিল ১৬২ জন।

এরপরের নয়দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪; আর নয়দিনে নতুন আক্রান্ত হয়েছেন ২১০ জন; মোট আক্রান্তের সংখ্যা ৩৭২।

ভাইরাসের বিস্তার ঠেকাতে পুরান ঢাকার আট শতাধিক ভবন অবরুদ্ধ করা হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার স্বামীবাগের ইসকন মন্দিরে একদিনেই আক্রান্ত হয়েছেন ৩১ জন।

পুরান ঢাকার ১০টি থানা এলাকার মধ্যে শ্যামপুর ছাড়াও প্রতি থানা এলাকায় কোভিড-১৯ ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চকবাজারে- ৬১ জন। আর গেন্ডারিয়া ও কোতোয়ালি থানা এলাকায় শনাক্ত হয়েছে ৫৯ জন করে। এরপরে রয়েছে বংশাল থানায় ৪৪ জন এবং ওয়ারিতে ৪১ জন, লালবাগে ৩৯ জন, হাজারীবাগে ২৭ জন।

সবচেয়ে বেশি মারা গেছেন চকবাজার ও ওয়ারিতে, ছয়জন করে। এছাড়া কোতোয়ালি ও বংশাল পাঁচজন করে, সূত্রাপুরে চারজন, গেন্ডারিয়ায় তিনজন, লালবাগ ও হাজারিবাগে দুইজন করে এবং কামরাঙ্গীরচরে একজন মারা গেছেন।

রোববারও পুরান ঢাকায় বেশ কয়েকজন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

কোতয়ালি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, রোববার তার থানা এলাকায় চারজন আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে তাঁতীবাজারে একজন মারা গেছেন। এই এলাকায় লকডাউন করা আছে শতাধিক ভবন।

এই থানায় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন জানিয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জন বিশ্বাস বলেন, “এই ভাইরাসে এত আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে কিন্তু তারপরও মানুষের মধ্যে সচেতনতা দেখা যাচ্ছে না।”

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার জানিয়েছেন, এ এলাকায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।

এ এলাকায় ভাইরাসের বিস্তাররোধে প্রায় তিন শতাধিক ভবন অবরুদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।

বংশাল থানার ওসি শাহীন ফকির জানিয়েছেন, এখন পর্যন্ত এই থানা এলাকায় ৪৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। ভাইরাসের বিস্তার রোধে দুইশতাধিক ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ওয়ারি থানা এলাকায় ৪১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে এবং তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে ওসি আজিজুল হক জানিয়েছেন।

হাজারীবাগ থানা এলাকায়ও নতুন করে আরও ১২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য দিয়েছেন ওসি ইকরাম আলী মিয়া।

“এই এলাকায় দুজন মারা গেছেন, পরে তাদের পরীক্ষা করে দেখা গেছে যে, তারা কোভিড-১৯ এ আক্রান্ত ছিল। এই এলাকায় মোট ২৭ জন আক্রান্ত হয়েছেন।”

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন, তার এলাকায় ২০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। এলাকার বেশ কয়েকটি ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে।

গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানান, এই এলাকায় ৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন।

লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন বলেন, ৩৯ জনের করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের দুজনের মৃত্যু হয়েছে। কয়েকটি এলাকা আগেই থেকেই অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ঘনবসতিপূর্ণ কামরাঙ্গীরচরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে সাতজন, আর একজন মারা গেছেন বলে থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানিয়েছেন।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, তাদের এলাকায় ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১০টি এলাকা অবরুদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৮ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।

এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৪৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২২ জন।

পুরনো খবর:

মৃতদের ২০ জনই পুরান ঢাকার, আক্রান্ত দেড় শতাধিক