২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় এসির কম্প্রেসার বিস্ফোরণে একজনের মৃত্যু

পুরান ঢাকার ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে, দগ্ধ হয়েছেন আরও দুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 07:36 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ইসলামপুরের লায়ন টাওয়ার নামের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

অগ্নিদগ্ধ অবস্থায় শ্রমিক আশিকুর রহমান আশিক (২০), আল আমীন (২৫) ও আরিফকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

রাত সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

আশিকের বাড়ি কেরানীগঞ্জে। তিনি চার ভাইয়ের মধ্যে ছোট ছিলেন।

দগ্ধ আল আমীন ও আরিফের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকদের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মীরু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ তলা লায়ন টাওয়ারে এসি মেরামতের কয়েকটি দোকান আছে।

“একটি দোকানের কর্মীরা ভবনের ছাদে এসি মেরামতের সময় কমপ্রেসার বিস্ফোরিত হলে তিনজন দগ্ধ হয়। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।”