২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলে জীবাণুনাশক ছিটানো, সচেতনতায় ’টিম এসবিসিসি’

দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে জীবাণুনাশক ছিটানো ও কৃষিপণ্য উৎপাদনে সচেতনতা তৈরির কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ’টিম এসবিসিসি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 08:10 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

পুরনো খবর:

করোনাভাইরাস: অনলাইনে-অফলাইনে সোচ্চার ‘টিম এসবিসিসি’
সামাজিক দূরত্ব নির্ধারক চিহ্ন আঁকছে ‘টিম এসবিসিসি’

শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাটের আদিতমারীতে ও সিরাজগঞ্জের রায়গঞ্জে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা কার্যক্রম চালিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

দিনাজপুরের ঘোড়াঘাটের বলাহার গ্রামে শুক্রবার গ্রামবাসীকে শাক-সবজি চাষের জন্য উদ্বুদ্ধ করার কাজ করে টিম এসবিসিসি ও বলাহার চ্যারিটেবল ট্রাস্টের কর্মীরা।

বলাহার ট্রাস্টের সমন্বয়ক মুশফিকুর রহমান জানান, ঘোড়াঘাট উপজেলার বলাহার গ্রামের ৫১টি পরিবারকে পতিত জমিতে শাক-সবজি চাষে উদ্বুদ্ধ করতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক দূরত্ব মেনে আলোচনায় উপস্থিত ব্যক্তিরা গ্রামের অন্যদেরকেও কৃষিতে উদ্বুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান টিম এসবিসিসির স্বেচ্ছাসেবা ইউনিটের রংপুর বিভাগ ও দিনাজপুর জেলার সমন্বয়ক আকতারুল ইসলাম।

টিম এসবিসিসির স্বেচ্ছাসেবা ইউনিটের লালমনিরহাট জেলা সমন্বয়ক দীপা বর্মন জানান, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের দুইশ’ বাড়িতে জীবাণুনাশক ছিটোনো হয়েছে। যাদের অধিকাংশই গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত।

সচেতন না হওয়ায় গ্রামের মানুষ বেশি ঝুঁকি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “করোনাভাইরাস কী, এতে আক্রান্ত হওয়ার লক্ষণ ও এতে করণীয় কী- সে বিষয়ে জনসাধারণকে অবহিত করেন টিম এসবিসিসির স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি জনসাধারণকে লকডাউনের মেনে চলতেও উদ্বুদ্ধ করা হয়।”

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বুলাকিপুর গ্রামে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে গ্রামের জনগণকে স্যানিটাইজার ব্যবহার করার বিষয়ে অবহিত করেন টিম এসবিসিসির স্বেচ্ছাসেবকরা।

টিম এসবিসিসি কেন্দ্রীয় সমন্বয়ক রুমান শিকদার বলেন, ”ধারাবাহিক কাজের অংশ হিসাবে আমরা জীবাণুনাশক ছিটানো, নিরাপদ দূরত্ব চিহ্ন অঙ্কনের পাশাপাশি নিজেদের অর্থায়নে খাদ্যদ্রব্য বিতরণের কাজও পরিচালনা করছি।”

অন্যদের মধ্যে আর্থিক সহায়তা পেলে প্রত্যন্ত অঞ্চলে আরও বিস্তৃত পরিসরে কাজ করা সম্ভব হবে বলে জানান তিনি।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় জনসচেতনতা তৈরি ও মানুষের আচরণগত উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক ও পেশাজীবীদের মোর্চা ‘টিম সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেইঞ্জ কমিউনিকেশন বা টিম এসবিসিসি’।

পাঁচটি ইউনিটে ভাগ হয়ে চলছে তাদের কার্যক্রম। গবেষণা, গুজব ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা রয়েছে এই কার্যক্রমে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস বিষয়ক গুজব প্রতিরোধে টিম এসবিসিসির গণমাধ্যম সহযোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।