সামাজিক দূরত্ব নির্ধারক চিহ্ন আঁকছে ‘টিম এসবিসিসি’
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নির্ধারক চিহ্ন এঁকে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম এসবিসিসি’।
মঙ্গলবার ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকার ফার্মেসি ও মুদি দোকানে তিন ফুট দূরত্ব নির্ধারক চিহ্ন আঁকেন সংগঠনের ওই জেলা ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
টিম এসবিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে শহরে প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় জনসচেতনতা তৈরি ও মানুষের আচরণগত উন্নয়নে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক ও পেশাজীবীদের মোর্চা ‘টিম সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেইঞ্জ কমিউনিকেশন বা টিম এসবিসিসি’।
পাঁচটি ইউনিটে ভাগ হয়ে চলছে তাদের কার্যক্রম। গবেষণা, গুজব ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা রয়েছে এই কার্যক্রমে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস বিষয়ক গুজব প্রতিরোধে টিম এসবিসিসির গণমাধ্যম সহযোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টিএম এসবিসিসির অফিশিয়াল ফেইসবুক পাতা ‘Team SBCC’ এর অধীনে পরিচালিত হচ্ছে করোনাভাইরাস বিষয়ক বাংলাদেশের সবচেয়ে বড় ফেইসবুক গ্রুপ ‘Corona Update Bangladesh’।
আট লাখের বেশি সদস্যের এ পাবলিক গ্রুপে গুজব প্রতিরোধে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের করোনাভাইরাস বিষয়ক শীর্ষ ও গুরুত্বপূর্ণ খবর শেয়ার করা হয়।
টিম এসবিসিসির স্বেচ্ছাসেবা ব্যবস্থাপনা ইউনিটের সমন্বয়ক এ আর ফারুকী বলেন, “যতই দিন যাচ্ছে আমাদের দায়বদ্ধতা তত বাড়ছে। মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার জন্য আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। তাই আমরা সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”
বুধবার জামালপুরের স্বেচ্ছাসেবকরা ওই এলাকায় দূরত্ব নির্ধারক চিহ্ন আঁকার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটাবে বলে জানান তিনি।
