২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মবার্ষিকী সোমবার

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মবার্ষিকী সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 04:13 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

পুরনো খবর:

স্যার ফজলে হাসান আবেদের চিরপ্রস্থান
ফজলে হাসান আবেদ: মানুষের জন্য এক জীবন

১৯৩৬ সালের ২৭ এপ্রিল তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন কর্মগুণে বিশ্বব্যাপী সমাদৃত এই বাংলাদেশি।

গতবছর ২০ ডিসেম্বর মৃত্যুর আগে ব্র্যাককে স্যার ফজলে প্রতিষ্ঠিত করে গেছেন বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থার মর্যাদায়; শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য মুক্তির বিভিন্ন কর্মসূচির অবদানে সম্মানিত হয়েছেন বিশ্বের নানা প্রান্তে।

দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে ২০১০ সালে যুক্তরাজ্যের নাইট উপাধিতে ভূষিত হন ফজলে হাসান আবেদ।

ওই উপাধি দেওয়ার ঘোষণায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে বলা হয়েছিল, “বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যে গত চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় আবেদকে এই সম্মান প্রদান করা হচ্ছে।”

১৯৫২ সালে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে আইএসসি পাস করেন আবেদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় অনার্সে ভর্তি হন। কিন্তু সেখানে না পড়ে তিনি ইংল্যান্ডে চলে যান।

তখন তার ছোট চাচা সায়ীদুল হাসান ছিলেন লন্ডনে পাকিস্তান দূতাবাসের বাণিজ্য সচিব। তিনি আবেদকে স্কটল্যান্ডে গিয়ে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচারে ভর্তি হতে বলেন।

১৯৫৪ সালে আবেদ স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচারে ভর্তি হন। কিন্তু দুই বছর লেখাপড়া করার পরে লন্ডনে গিয়ে ভর্তি হন অ্যাকাউন্টিংয়ে।

চার্টার্ড অ্যাকাউন্টিংয়ে লেখাপড়া করার সময়েই ১৯৫৮ সালে তার মা সৈয়দা সুফিয়া খাতুনের মৃত্যু হয়। ১৯৬২ সালে ‘কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং’-এর ওপর তিনি প্রফেশনাল কোর্স করেন।

Image
মাঠে কৃষকদের সঙ্গে ফজলে হাসান আবেদ।

মাঠে কৃষকদের সঙ্গে ফজলে হাসান আবেদ।

কর্মজীবনের শুরু

শিক্ষাজীবন শেষে ফজলে হাসান আবেদ ১৯৬২ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত লন্ডন, কানাডা ও আমেরিকায় চাকরি করেন। এরপর ১৯৬৮ সালে দেশে ফিরে আসেন। তখন গণতান্ত্রিক অধিকারের দাবিতে সোচ্চার বাংলাদেশের মানুষ। প্রতিদিনই মিছিল মিটিং চলে। এক পর্যায়ে আন্দোলন জোরদার হয়ে ওঠে। শুরু হয় ঊনসত্তরের গণআন্দোলন।

১৯৭০ সালে আবেদ শেল অয়েল কোম্পানির চট্টগ্রাম অফিসে যোগ দেন। এরপর পদোন্নতি পেয়ে ফাইন্যান্স বিভাগের প্রধানের দায়িত্ব পান।

শেল অয়েল কোম্পানিতে কর্মরত থাকাকালে ১৯৭০ সালের ১২ নভেম্বর চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূলীয় দ্বীপাঞ্চলে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা এই তিনটি দ্বীপের লাখ লাখ মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান।

ফজলে হাসান আবেদ, তার বন্ধু ব্যারিস্টার ভিকারুল ইসলাম চৌধুরী, সহকর্মী কায়সার জামান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আকবর কবীর এবং নটরডেম কলেজের শিক্ষক ফাদার টিম মিলে সিদ্ধান্ত নিলেন ত্রাণ বিতরণ করতে তারা মনপুরায় যাবেন।

এ সময় তিনি বন্ধুদের সঙ্গে মিলে ‘হেলপ’ নামের একটি সংগঠন গড়ে তুলে মনপুরা দ্বীপের বিপন্ন ও বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে তারা ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। স্বজন ও সর্বস্ব হারানো মানুষের কাছে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি আবার দাঁড় করিয়ে দিয়েছিলেন তারা।

Image
ব্র্যাকের উদ্যোগে পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ফজলে হাসান আবেদ।

ব্র্যাকের উদ্যোগে পরিচালিত স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ফজলে হাসান আবেদ।

‘অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেলপ বাংলাদেশ’

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে হাসান আবেদ শেল অয়েল কোম্পানির উচ্চপদের চাকরি ছেড়ে দিয়ে ইসলামাবাদ ও কাবুল হয়ে লন্ডনে চলে যান।

১৯৭১ সালের মে মাসে লন্ডনে গিয়ে সমমনা বন্ধুদের সঙ্গে মিলে বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধে সহায়তার জন্য গড়ে তোলেন ‘অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেলপ বাংলাদেশ’ নামে দুটো সংগঠন।

‘অ্যাকশন বাংলাদেশ’-এর কাজ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী রাজনৈতিক সমর্থন আদায়, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি এবং পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত কার্যকলাপ বন্ধে ইউরোপীয় দেশগুলোর সরকারকে সক্রিয় করে তোলা।

‘হেলপ বাংলাদেশ’-এর কাজ ছিল অর্থ সংগ্রহ করে মুক্তিবাহিনীকে সহযোগিতা করা। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি, প্রচারপত্র বিলি, টাইমস অব লন্ডনে লেখা ও বিজ্ঞাপন প্রকাশ করা, রেডিও ও টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া, ইউরোপীয় দেশগুলোর পার্লামেন্ট সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বদেশের স্বাধীনতার পক্ষে বিবিধ কর্মতৎপরতা পরিচালনা করা। পথনাটক, তহবিল সংগ্রহসহ নানা ধরনের কাজেও তিনি ও তার বন্ধুরা সক্রিয়ভাবে যুক্ত হয়েছিলেন।

Image
চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়ালের সঙ্গে বিকাশের চুক্তি উদযাপনে ২০১৮ সালের ২৬ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ।

চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অ্যান্ট ফাইন্যান্সিয়ালের সঙ্গে বিকাশের চুক্তি উদযাপনে ২০১৮ সালের ২৬ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে ফজলে হাসান আবেদ।

ব্র্যাকের ৩৫ বছর

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ওই মাসেই ফজলে হাসান আবেদ সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ফিরে আসেন এবং ভারতপ্রত্যাগত এক কোটি শরণার্থীর ত্রাণ ও পুনর্বাসনে কাজ করার সিদ্ধান্ত নেন।

যুদ্ধের সময় ধ্বংসস্তূপে পরিণত হওয়া সিলেটের সুনামগঞ্জের শাল্লা ও দিরাই অঞ্চলকে কর্মএলাকা হিসেবে বেছে নেন তিনি।

১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যাসিসটেন্স কমিটি-ব্র্যাক।

ফজলে হাসান আবেদ ১৯৭২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ব্র্যাকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০০৮ সাল এবং ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসনের দায়িত্বে।

ওই সময়েই তিনি প্রতিষ্ঠা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ব্যাংক। ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন স্যার ফজলে।

২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে উত্তরসূরিদের হাতে দায়িত্ব তুলে দিতে শুরু করেন এই কর্মবীর। ২৪ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন পদ ছেড়ে দেওয়ার পর ১ অগাস্ট ব্র্যাকের চেয়ারপারসনের পদ থেকে অবসর নিয়ে চেয়ার এমেরিটাস হিসেবে দায়িত্ব নেন। ২৬ অগাস্ট ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন পদও ছেড়ে দেন।

মানুষের দারিদ্র্য মুক্তির চেষ্টায় নিরন্তর সংগ্রামের একটি জীবন পার করে ২০ ডিসেম্বর চিরবিদায় নেন স্যার ফজলে হাসান আবেদ।

তার মৃত্যুর পর এক স্মরণসভায় মেয়ে তামারা আবেদ তার বাবাকে বর্ণনা করেন এভবে- “আমার কাছে তিনি ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। একজন মানুষ সর্বোচ্চ কোন পর্যায়ে যেতে পারে, তার দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। যেভাবে তিনি বেঁচেছেন এবং মৃত্যর মধ্য দিয়েও তিনি তা দেখিয়েছেন,”

পুরস্কার ও সম্মাননা

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কয়েক দশকের ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে ফজলে হাসান আবেদ নেদারল্যান্ডসের নাইটহুড ‘অফিসার ইন দ্য অর্ডার অব অরেঞ্জ-নাসাউ’ খেতাবে ভূষিত হন।

দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক নাইটহুড উপাধিতে ভূষিত হন তিনি।

২০১৯ সালে শিক্ষা উন্নয়ন বিষয়ে অত্যন্ত মর্যাদাসূচক এবং অর্থমূল্যের দিক থেকে সবচেয়ে বড় পুরস্কার ইদান প্রাইজ পান ফজলে হাসান আবেদ। হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন ওই পুরস্কার দেয়। ২০১৮ সালে তিনি পান ডেনমার্কের লেগো ফাউন্ডেশনের পুরস্কার।

এছাড়া জনস্বাস্থ্যে অবদানের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ পুরস্কার, খাদ্য ও কৃষিক্ষেত্রে অবদানের জন্য ওয়ার্ল্ড ফুড প্রাইজ, রাশিয়ান চিলড্রেন ফান্ড থেকে লেভ তলস্তয় স্বর্ণপদক এবং স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব সিভিল মেরিট, কাতার ফাউন্ডেশন প্রবর্তিত শিক্ষাক্ষেত্রে সম্মানজনক পুরস্কার ওয়াইজ প্রাইজ, ক্লিনটন গ্লোবাল সিটিজেনশিপ অ্যাওয়ার্ড, গেটস অ্যাওয়ার্ড ফর গ্লোবাল হেলথ, ইউএনডিপির মানব উন্নয়ন বিষয়ক পুরস্কার মাহবুবুল হক অ্যাওয়ার্ড, ইউনেস্কোর নোমা পুরস্কার এবং র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।