কোভিড-১৯: নারায়ণগঞ্জের নমুনা পরীক্ষা দ্রুত করতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের অন্যতম ‘ক্লাস্টার’ যেখানে সেই নারায়ণগঞ্জে পরীক্ষা শুরুর ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঢাকায় ওই জেলার নমুনা পরীক্ষা দ্রুত করার ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জের সমস্যাটি শুনে এই নির্দেশ দেন তিনি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া শেখ হাসিনা সূচনা বক্তব্য শেষে প্রথমে নারায়ণগঞ্জের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জানান, এই জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৬ জন এবং মারা গেছেন ১৩ জন।
নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ পিসিআর ল্যাব ও এন-৯৫ মাস্ক চান নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দোহা সরকার।
তিনি বলেন, “যেহেতু নারায়ণগঞ্জে আক্রান্ত সংখ্যা বেশি। সেই নিরীখে আমি অবশ্যই দাবি জানাব একটা পূর্ণাঙ্গ পিসিআর ল্যাব স্থাপনের জন্য। স্যাম্পলগুলো কালেকশন করে আমাদের ঢাকায় পাঠাতে হচ্ছে এবং রিপোর্ট পেতে দুই দিন লেগে যাচ্ছে।
“যদি পিসিআর ল্যাব থাকে আমি সকালে স্যাম্পল কালেক্ট করে সন্ধ্যার মধ্যে রিপোর্ট পেয়ে যাব। এই সময়টা যদি একদিনে কমিয়ে আনতে পারি, দ্রুত কেইস ডিটেকট করতে পারব। চিকিৎসা করতে পারব।”
সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেই দায়িত্ব পালনকারী ডা. শামসুদ্দোহা বলেন, “সুরক্ষা সামগ্রীর মধ্যে আমরা সব পেয়েছি। তবে এন-৯৫ মাস্ক যেটা করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয়, সেটা পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও স্বল্পতা রয়েছে। যেমন আমার হাসপাতালে আমি একটাও পাইনি, অথচ আমি কিন্তু করোনা চিকিৎসায় থেমে থাকি নাই।
“এন-৯৫ মাস্ক ছাড়াই কিন্তু খানপুর ৩০০ শয্যা হাসপাতাল করোনা চিকিৎসা দিয়ে যাচ্ছে। জানি না সেই কারণেই কি না আমার হাসপাতালে ১৬ জন চিকিৎসক-কর্মকর্তা আক্রান্ত।”
নারায়ণগঞ্জের এই সমস্যা শুনে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের কাছে জানতে চান।
সচিব বলেন, “আমরা এখনও চেষ্টা করছি, ওখানে ল্যাব সেট-আপ করা যায় কি না? আগে ল্যাব সেট-আপ করে তারপর পিসিআর মেশিন আমরা দেওয়ার ব্যবস্থা করব। পিসিআর মেশিন আমাদের আছে, কিন্তু, ল্যাব নেই।”
এন-৯৫ মাস্কের বিষয়ে তিনি বলেন, “সারা পৃথিবীতে এর স্বল্পতা রয়েছে এবং নাই। তবে এর কাছাকাছি যে সমমানের মাস্ক আছে সেসব মাস্ক আমরা বিভিন্ন সোর্স থেকে নেওয়ার চেষ্টা করছি। সেটা আমাদের আছে এবং এই সপ্তাহের মধ্যে আরও সহজলভ্য হয়ে যাবে।”
নারায়ণগঞ্জে কোনো ল্যাব না থাকার কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে কী কোনো ইন্সটিটিউশন নাই? কিচ্ছু নাই যেখানে একটা ল্যাব স্থাপন করা যায়? আমি খুব অবাক হচ্ছি যে নারায়ণগঞ্জে কি কোথাও কোনো রিসার্চ সেন্টার নাই? তার মানে নারায়ণগঞ্জ সারা জীবন ঢাকার ওপর নির্ভর করে চলে আসছে।”
ঢাকার কাছে হওয়ায় নারায়ণগঞ্জে এই রকম সেন্টার গড়ে না উঠলেও গাজীপুরে রয়েছে বলে জানান স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, “নারায়ণগঞ্জ থেকে আমরা যখন প্রয়োজনটার কথা জানতে পেরেছি, আমরা খুবই চেষ্টা করছি যতদ্রুত সম্ভব ওখানে একটা পিসিআর মেশিন স্থাপন করা যায় কি না। আমরা যতদ্রুত সম্ভব সেটা বসানোর চেষ্টা করব।”
নমুনা পরীক্ষার বিষয়ে তিনি বলেন, “এখন যেটা করে..সারাদিনের স্যাম্পল এক সাথে কালেক্ট করে আমাদের কাছে নিয়ে আসে। কখনও কখনও সারা রাত লেগে যায়। এখানে দিনের মধ্যে কয়েকবার যাতে স্যাম্পল আনা যায়, আমরা সেই প্রচেষ্টাটা গ্রহণ করব।”
প্রধানমন্ত্রী বলেন, “ওখানে যাতে দ্রুত পরীক্ষাটা করা যেতে পারে, সেই সেই ব্যবস্থাটা আপনারা নেন। নারায়ণগঞ্জ থেকে এখন তো আসা-যাওয়া খুব কাছে হয়ে গেছে। রাস্তা করে ফেলেছি আমরা। এখন তো ভিড়ভাট্টাও নাই। কাজেই যত দ্রুত এসে এটা সাথে সাথে যাতে করা যায়।
“দরকার হলে আপনারা এখানেই ঢাকায় একটা ডেডিকেটেড উইং করে দেন। কিছু লোককে দায়িত্ব দিয়ে দেন যাতে নারায়ণগঞ্জ থেকে আসার সাথে সাথে এটা করে দেবে। একেকটা জোন হিসেবে ভাগ করে যদি করে দেন, তাহলে কিন্তু দ্রুত হয়ে যায়।”
