করোনাভাইরাস: স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ১৯টি হোটেল
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ১৯টি হোটেলের নাম প্রস্তাব করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিষয়টি জানিয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. আমিনুল হাসান গত ১২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন।
চিঠিতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় নির্ধারিত ছয়টি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারিত ১৯টি হোটেলের নামসহ প্রয়োজনীয় কক্ষের সংখ্যা প্রস্তাব করা হয়েছে।
চিঠিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য ঢাকা রিজেন্সি হোটেলের নাম প্রস্তাব করা হয়েছে।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল রেনেসাঁ, ঢাকা রিজেন্সি, রেডিসন ব্লু, সোনারগাঁ, লেকভিউ, লো মেরিডিয়ান হোটেলে থাকবেন।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য ঠিক করা হয়েছে উত্তরার হোটেল মেফোলিফ, হোটেল মিলিনা।
মিরপুরের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোভিড-১৯ চিকিৎসায় যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা থাকবেন গ্রান্ড প্রিন্স, হোটেল শ্যামলী, হোটেল ড্রিমল্যান্ডে।
হোটেল রাজমনি ঈশাখাঁ, ফারস হোটেল ও হোটেল-৭১ এ থাকবেন পুরান ঢাকার মহানগর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীরা।
বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ১২ জন কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন। এরমধ্যে ৪৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ মারাত্মক ছোঁয়াচে হওয়ায় যারা এসব রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত তারা হাসপাতালে ডিউটি শেষে পরিবারের কাছে ফিরতে চান না।
তাছাড়া চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীদের আবাসন ও খাওয়া-দাওয়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ এসেছে। হাসপাতালে কাজ শেষে তাদের আপাতত আবাসনের প্রয়োজনে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
