করোনাভাইরাস: স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য পর্যটনের হোটেল
রাজধানীতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের আবাসনের ব্যবস্থা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
ইতোমধ্যে তাদের মহাখালীর অবকাশ হোটেলটিতে একদল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আবাসন হিসেবে ব্যবহার করছেন।
বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে বাংলাদেশে যে দুর্যোগ দেখা দিয়েছে তাতে প্রয়োজনে পর্যটনের অন্যান্য হোটেল-মোটেল দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন পর্যটন করপোরেশনের দেশের বিভিন্ন জায়গায় হোটেল-মোটেল রয়েছে।
ঢাকার উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পুরোটাতেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসা চলছে। পাশাপাশি সরকার ঢাকায় আরও অন্তত ১০টি হাসপাতালে এসব রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ ইউনিট প্রস্তুত করছে।
জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অবকাশ হোটেলটি তাদের থাকার জন্য দিয়েছি। ইতোমধ্যে সেখানে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা উঠেছেন।”
কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের থাকার প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যটন কর্পোরেশনের কাছে আরও কোনো হোটেল চাইলে দেওয়া হবে বলে জানান তিনি।
মহিবুল হক বলেন, “এটা এখন আমাদের জাতীয় দুর্যোগ, তারা চাইলে এ রকম আরও হোটেল দেওয়া হবে। চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর, রাজশাহীসহ যেসব জায়াগাতে আমাদের হোটেল-মোটেল রয়েছে সেগুলো এই দুর্যোগের প্রয়োজনে আমরা দেব।”
আইইডিসিআরের তথ্য মতে, রোববার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২১ জন। তাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন এবং ৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
নভেল করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত মোট ৬২১ জনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের ৫০ শতাংশই ঢাকা নগরীর বাসিন্দা।
রোগীদের ৩৫ শতাংশ ঢাকা বিভাগের অন্যান্য জেলায় থাকেন। চট্টগ্রাম বিভাগের রোগী ৬ শতাংশ।
