২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১০: ভোট পড়তে পারে ৮-১০%, ধারণা রিটার্নিং কর্মকর্তার

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ১০% এর নিচে হতে পারে বলে ধারণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2020, 07:02 PM

Updated : 10 Oct 2022, 07:03 PM

পুরনো খবর:

ঢাকায় ভোটার খরার ভোটে নৌকার জয়

তবে বিরূপ পরিস্থিতিতে এমন ভোটার উপস্থিতিকেও ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন তিনি।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমে ভোট হয় এ নির্বাচনী এলাকায়।

ভোট শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন বলেন, “বিরূপ পরিস্থিতিতে করোনা প্রাদুর্ভাবের আতঙ্কের মধ্যে এত ভোটার উপস্থিতি অনেক বড় অর্জন। এটা নির্বাচন কমিশনেরও বড় অভিজ্ঞতা। এ উপনির্বাচনে ৮ থেকে ১০% ভোট পড়তে পারে বলে ধারণা করছি।

“বেলা দুইটার দিকে অনেক কেন্দ্রে ৫ শতাংশ ভোট পড়েছে। সে হিসাবে দিন শেষে ১০% ভোট পড়তে পারে বলে মনে করা হচ্ছে।”

ইসির নিরাপত্তা ও সতর্ক ব্যবস্থার মধ্যে ভোট দিতে আসায় ভোটারদের ‘ধন্যবাদ’ জানান রিটার্নিং কর্মকর্তা।

অতীতের অভিজ্ঞতা তুলনা করে এবারের ভোটার খরা নিয়ে চিন্তিত নয় খোদ নির্বাচন কমিশন। সর্বশেষ চট্টগ্রাম-৮ উপ নির্বাচনে ২২% ভোট পড়েছিল।

এ বিষয়ে জি এম সাহতাব উদ্দিন বলেন, “এখন তুলনামুলক চিত্রটি বিষয় নয়। করোনাভাইরাস বৈশ্বিক প্রাদুর্ভাব। এ অবস্থায় ভোটার উপস্থিতি কম হবে স্বাভাবিক। এর মধ্যেও তিন লাখেরও বেশি ভোটারের এলাকায় ধারণা করছি ৩০-৪০ হাজার ভোটার কেন্দ্রে এসেছে- এটা অনেক বড় অর্জন। এমন অভিজ্ঞতা কমিশনের আগামীতেও কাজে লাগবে।”

ইভিএমে ভোট হওয়ায় ১১৭টি কেন্দ্রের তথ্য পাওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে পল ঘোসণা হতে পারে বলে জানান তিনি।

অন্যদিকে বিকালে ইসি সচিব মো. আলমগীর ধারণা জানিয়েছেন শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে পড়েছে ৪০ শতাংশ ভোট।