২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-১০ উপনির্বাচন: মাস্ক-স্যানিটাইজার নিয়ে ভোটগ্রহণ চলছে

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2020, 09:45 AM

Updated : 18 Aug 2022, 02:44 PM

এদিন আরও দুটি আসনে উপনির্বাচন ভোটগ্রহণ চলছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ঢাকায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাবউদ্দিন বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সব ধরনের সচেতনতা ও সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে ইভিএমে ভোট চলছে।

নির্বাচনী কর্মকর্তাদের সংক্রমণ এড়াতে হাত ধোয়া, মাস্ক পরার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

“ভোটারদের জন্য কেন্দ্র-ভোটকক্ষভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মীও থাকবেন নির্বাচনী এলাকায়।”

নভেল করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য সচেতনতার ভোটকেন্দ্রে ব্যানার থাকছে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

সকালে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টা পরও বিভিন্ন কেন্দ্রে নগন্য সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে।

আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচনে লড়তে পদত্যাগ করায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন হচ্ছে।

গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপনির্বাচন হচ্ছে দুই সংসদ সদস্যের মৃত্যুর কারণে। এ দুই আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সব নির্বাচনী এলাকায় করোনাভাইস সংক্রমণ রোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির নির্দেশনা রয়েছে।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ভোট নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এ নির্বাচন হচ্ছে। বিএনপি এই নির্বাচনগুলো পেছানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি ইসি।

এ নিয়ে কমিশনের যুক্তি তুলে ধরে ইসি সচিব মো. আলমগীর বলছেন, করোনার কারণে ভোটার উপস্থিতি কম হবে ধরে নিয়েই আমরা শনিবারের নির্বাচন করছি।

তিনি বলেন, “ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। ভোট দেওয়ার আগে-পরে এটা ব্যবহার করবেন। হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধুয়ে ফেলবেন।

করোনাভাইরাস সংক্রমিত সন্দেহভাজনদের কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেন ইসি সচিব।

ইভিএমে ঝুঁকি আছে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের কারণে পেছাচ্ছে না ভোট  

ঢাকা-১০ সংসদীয় আসন

এলাকা- ঢাকা দক্ষিণ সিটির ১৪ থেকে ১৮ নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ড

মোট ভোটার- ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন (পুরুষ ১৭৩০৫২ জন ও ১৪৮২২৩ জন)

ভোটকেন্দ্র- ১১৭

ভোটকক্ষ-৭৭৬

কেন্দ্রপ্রতি নিরাপত্তা কর্মী- অন্তত ১৮ জন

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন প্রায় আড়াই হাজার।

প্রিজাইডিং কর্মকর্তা ১১৭, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৭৭৬ জন, পোলিং অফিসার ১৫৫২ জন।

প্রার্থী

আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন (নৌকা), বিএনপির শেখ রবিউল আলম (ধানের শীষ), জাতীয় পার্টির মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী (ডাব) ; বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কাজী আব্দুর রহীম (বাঘ)

স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান আওয়ামী লীগ-বিএনপির

আওয়ামী লীগ প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রের ভেতরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখবে। কেন্দ্রের বাইরে প্রার্থীর পক্ষ থেকেও হাত ধোয়ার সব ব্যবস্থা থাকবে।

“সচেতনতার সঙ্গে সার্বিক প্রস্তুতি আমাদের। সবাই যেন স্বাস্থ্য বিধি মেনে চলি।”

বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম  জানান, করোনাভাইরাস আতঙ্ক উপেক্ষা করে মানুষ ভোটকেন্দ্রে যাবে; সেক্ষেত্রে ইসি যেন যার ভোট তার দেওয়ার ব্যবস্থা রাখে।

তিনি বলেন, “ইসি ভোট স্থগিত করেনি, আমার দল বিএনপি ভোট বর্জন করেনি। আমিও তাই ভোটে থাকছি।

“ইসির মতো আমিও বলছি- আপনারা কেন্দ্রে আসুন;  হাত ধুয়ে ভোট দেবেন; আবার ভোট দিয়ে হাত ধুয়ে বাড়ি ফিরবেন।”