২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের ৪ চিকিৎসক ‘হোম কোয়ারেন্টিনে’

নতুন করোনাভাইরাসে আক্রান্তদের সংস্পর্শে আসায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 04:08 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়া চার জন রোগীর শরীরে নতুন করোনাভাইরাস পাওয়া যায়। তাদের সংস্পর্শে যাওয়া চারজন চিকিৎসককে বাড়তি সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

“এদের মধ্যে দুজন মেডিসিন বিভাগের ও দুজন নেফ্রোলজি বিভাগের চিকিৎসক। চার জনের মধ্যে একজনের নতুন করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন এসেছে এবং তা পজিটিভ আসেনি।”

ঢাকা মেডিকেলের অধ্যক্ষ বলেন, সর্দি-কাশি নিয়ে এলে হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। কার সাধারণ সর্দি-কাশি আর কে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রয়েছে তাতো প্রথমে জানা যায় না।

বিশ্বে মহামারীর রূপ পাওয়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।